১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘খুবই সাধারণ মানের’, বাবরদের ধুয়ে দিলেন রামিজ

আবারও দুইশর নিচে অলআউট হওয়া পাকিস্তানের ব্যাটসম্যানদের টেকনিক ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান।

‘খুবই সাধারণ মানের’, বাবরদের ধুয়ে দিলেন রামিজ
চলতি সিরিজে নিজের তিন ইনিংসে একবারও দুই অঙ্কে যেতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 09:52 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

ইংল্যান্ড সফরে পাকিস্তানের হতশ্রী ব্যাটিং প্রদর্শনী চলছেই। টানা পঞ্চমবার দুইশর নিচে অলআউট হয়েছে সফরকারীরা। এমন পরিস্থিতিতে ব্যাটসম্যানদের টেকনিক ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক রামিজ রাজা।

এজবাস্টনে তৃতীয় টেস্টের প্রথম দিন ১৩৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। হেডিংলিতে প্রথম টেস্টে দুই ইনিংসে তারা করেছিল ১৭১ ও ১৩৫, লর্ডসে দ্বিতীয় টেস্টে ১১০ ও ১৯৪।

প্রথম দুই টেস্টে বাজেভাবে হারের পর দল ও টিম ম্যানেজমেন্টে ব্যাপক পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাত জন খেলোয়াড়কে বাদ দেওয়া হয় দল থেকে। তাদের জায়গায় নেওয়া হয় সাত জনকে। এছাড়া সরিয়ে দেওয়া হয় প্রধান কোচ ও বোলিং কোচকে।

তিন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে বুধবার তৃতীয় টেস্ট খেলতে নামে পাকিস্তান। কিন্তু দলটির ব্যাটিংয়ে উন্নতির কোনো লক্ষণই দেখা যায়নি।

উইকেটে পেসারদের জন্য সহায়তা থাকলেও, ভয়ঙ্কর কিছু ছিল না। ১৩৩ রানে অলআউট হওয়ার মতো উইকেট তো নয়ই।

অধিনায়ক বাবর আজমসহ পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। সব মিলে দুই অঙ্কে যেতে পারেন কেবল তিন জন।

তিন ম্যাচের এই সিরিজে ধারাভাষ্যে দিচ্ছেন রামিজ। বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল-এ আলোচনায় পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও সাবেক বোর্ড প্রধান তীব্র সমালোচনা করেন উত্তরসূরিদের। ব্যাটসম্যানদের টেকনিক ও মানসিকতা ‘খুবই সাধারণ মানের’ ছিল বলে মন্তব্য করেন তিনি। 

“তাদের মানসিক ক্লান্তি ও ডাগআউটে অস্থিরতা রয়েছে, আমি তা বুঝতে পারছি। তারা মোটেও সক্রিয় ছিল না। তাদের একটি পরিকল্পনা থাকা উচিত। এটা ফ্ল্যাট পিচ, লর্ডসের তৃতীয় দিনের মতো ভয়ঙ্কর পিচ নয়।”