২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের বিপক্ষে অকার্যকর সুরিয়াকুমার’, মনে করিয়ে দিলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান

আসছে এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ হবেন ভারত অধিনায়ক, আশা বাজিদ খানের।

‘আমাদের বিপক্ষে অকার্যকর সুরিয়াকুমার’, মনে করিয়ে দিলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান
সুরিয়াকুমার ইয়াদাভ। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 05:45 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

টি-টোয়েন্টিতে বিশ্বের প্রায় সব দলের বিপক্ষে ছড়ি ঘোরান সুরিয়াকুমার ইয়াদাভ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলেই যেন খোলসে বন্দি হয়ে যান ভারতের এই বিস্ফোরক ব্যাটসম্যান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এশিয়া কাপ স্কোয়াড নিয়ে আলোচনার সময় সেই কথা মনে করিয়ে দিলেন পাকিস্তানের সাবেক ব‍্যাটসম‍্যান বাজিদ খান।

রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে কেবল আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তাই প্রতিবেশি দেশটির বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি সুরিয়াকুমারের। যে কয়েকটি ম্যাচ খেলেছেন সেখানে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।

এশিয়া কাপ ও বিশ্বকাপ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে মোট পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন সুরিয়াকুমার। ১২.৮০ গড় ও ১১৮.৫১ স্ট্রাইক রেটে রান করতে পেরেছেন কেবল ৬৪ রান, সর্বোচ্চ ১৮।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে রোহিত শার্মা অবসর নেওয়ার পর সুরিয়াকুমারের কাঁধে এই সংস্করণের নেতৃত্বভার তুলে দেয় ভারত। এশিয়া কাপ দিয়ে প্রথম কোনো বড় প্রতিযোগিতায় দেশের অধিনায়কত্ব করবেন তিনি। 

এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে দুই দলের হাইভোল্টেজ ম্যাচটি।

পিটিভি স্পোর্টসে এশিয়া কাপের ভারত দল নিয়ে বিশ্লেষণের সময়, ভারত-পাকিস্তান ম্যাচ টেনে আনেন বাজিদ। পরে প্রতিপক্ষ অধিনায়কের তাদের বিপক্ষে ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি।

“সুরিয়াকুমার প্রায় সবার বিপক্ষেই রান করে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে যে কোনোভাবে সে এখন পর্যন্ত কার্যকর হতে পারেনি। সেটা হোক (পাকিস্তানের) পেস আক্রমণ বা অন্য কোনো কারণে, এই সমস্যাটা রয়ে গেছে।”

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮৩ ম্যাচ খেলেছেন সুরিয়াকুমার। ১৬৭.০৭ স্ট্রাইক রেট ও ৩৮.২০ গড়ে রান করেছেন তিনি ২ হাজার ৫৯৮। তার নামের পাশে রয়েছে ৪টি সেঞ্চুরি। এই সংস্করণে তার চেয়ে বেশি শতক আছে কেবল দুইজনের- স্বদেশি রোহিত শার্মা (৫টি) ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৫টি)।