২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘পাকিস্তান ক্রিকেট ১০ বছর পিছিয়ে গেছে’

মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবির কড়া সমালোচনায় এমনটা বলেছেন দেশটির সাবেক স্পিনার সাঈদ আজমল।

‘পাকিস্তান ক্রিকেট ১০ বছর পিছিয়ে গেছে’
সাঈদ আজমল। ছবি: আজমলের ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 05:46 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

সিরিজের মাঝপথে দল ও কোচিং স্টাফে ব্যাপক রদবদল এনে প্রবল সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ডকে ধুয়ে দিয়েছেন সাঈদ আজমল। দেশটির সাবেক এই স্পিনারের মতে, ভবিষ্যৎ পরিকল্পনাহীন কর্তাদের কারণে ১০ বছর পিছিয়ে গেছে তাদের ক্রিকেট।

ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্ট বাজেভাবে হারায় দলের সাত জনকে দেশে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান। যাদের মধ্যে আছেন মোহাম্মাদ রিজওয়ান, সালমান আলি আগার মতো ক্রিকেটাররা। সঙ্গে প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তারা।

পাকিস্তানের এমন ‘নজিরবিহীন’ সিদ্ধান্ত নিয়ে বিশ্ব ক্রিকেটে চলছে হাসাহাসি। নিজ দেশেও প্রবল সমালোচনার শিকার হচ্ছেন ক্রিকেটাররা ও ক্রিকেট বোর্ড। সিরিজের মাঝপথে এসব কাণ্ডের জন্য পিসিবির দিকে আঙুল তুলেছেন রামিজ রাজা, শাহিদ আফ্রিদিসহ সাবেক ক্রিকেটারদের অনেকেই।

সম্প্রতি জিও নেটওয়ার্ককে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে নাকভি এসব সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আরও ভালো বিকল্প খুঁজতেই পরিবর্তনগুলো আনা হয়েছে।’ সেখানে তিনি খেলোয়াড়দের ‘নিরুৎসাহিত না করার’ আহ্বানও জানান।  

এরপরই পিসিবির তীব্র সমালোচনা করেন আজমল। সামা টিভিতে আলাপকালে তিনি সরাসরি আঙুল তোলেন বর্তমান বোর্ড কর্তাদের দিকে। তার মতে, সমস্যার মূল উৎস পিসিবি। খেলোয়াড়দের মনোবল ভাঙার জন্য সবচেয়ে বেশি দায়ী বোর্ড।

“অন্য যে কারও চেয়ে বোর্ডই খেলোয়াড়দের বেশি নিরুৎসাহিত করেছে। বোর্ড কোনো খেলোয়াড়কেই থিতু হতে দিচ্ছে না। এমন খেলোয়াড়ও আছে যারা ভালো পারফর্ম করা সত্ত্বেও দল থেকে বাদ পড়েছে। অনেককে পিসিবি অপমান করেছে।”

সাতজনের বদলি হিসেবে সাইম আইয়ুব, আবদুল্লাহ ফাজাল ও অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচজনকে দলে ডাকে পাকিস্তান। আর মাইক হেসনকে প্রধান কোচ ও অ্যাশলি নফকে বোলিং কোচের দায়িত্ব দেয় তারা। পাকিস্তানের সাদা বলের দলেও একই পদে আছেন এই দুইজন।

পাকিস্তান ক্রিকেটে চলমান অস্থিরতার জন্য হেসন ও হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদকেও কাঠগড়ায় তুলেছেন প্রায় সাড়ে চারশ আন্তর্জাতিক উইকেট নেওয়া আজমল।

“আকিব জাভেদ ও মাইক হেসন একদলে। এই দুজনই সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং এই পুরো বিশৃঙ্খলার জন্য দায়ী। পুরো বিষয়টা অহংবোধের লড়াইয়ে পরিণত হয়েছে।”

উদ্ভূত পরিস্থিতির ক্ষতির মাত্রা বোঝাতে শেষে কড়া এক মন্তব্য করেছেন আজমল।

“আমাদের দল ১০ বছর পিছিয়ে গেছে। আমরা ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনাই করিনি।”

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় ও শেষ টেস্ট শুরু বুধবার, বার্মিংহ্যামে।