১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারের নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগাল

গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন ৩৯ বছর বয়সী মোইজেস হেনরিকেস।

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারের নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগাল
অলরাউন্ডার মোইজেস হেনরিকেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 07:34 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

নতুন চ‍্যালেঞ্জ খুঁজে নিলেন মোইজেস হেনরিকেস। বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগালকে নেতৃত্ব দেবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। 

অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণেই খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ হেনরিকেস। চার টেস্ট, ১৬ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলা ৩৯ বছর অলরাউন্ডার গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন। 

তার নেতৃত্বেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে পর্তুগাল। 

ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মস্থান মাদেইরায় জন্ম হেনরিকেসের। পর্তুগালের এই দ্বীপ থেকে পরে তার পরিবার পাড়ি জমায় অস্ট্রেলিয়ায়। নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্সের হয়ে দীর্ঘ এক পেশাদার ক‍্যারিয়ার কাটান তিনি। দেশটির হয়ে ৪৪ আন্তর্জাতিক ম‍্যাচের শেষটি তিনি খেলেন পাঁচ বছর আগে। 

পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৩৭তম স্থানে আছে পর্তুগাল। ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’- এর ‘বি’ গ্রুপে ইসরায়েল, জার্মানি, গ্রিস ও চেচিয়ার বিপক্ষে খেলবে তারা। ম‍্যাচগুলো হবে আগামী ১৪ থেকে ২০ অগাস্টের মধ‍্যে। 

আগামী ২১ অগাস্ট ‘বি’ গ্রুপ চ‍্যাম্পিয়ন খেলবে ‘এ’ গ্রুপ চ‍্যাম্পিয়নদের বিপক্ষে। জয়ী দল স্কটল‍্যান্ড, জার্সি ও ডেনমার্কের সঙ্গে জায়গা করে নেবে ইউরোপের রিজিওনাল ফাইনালে। সেরা দুই দল খেলবে অস্ট্রেলিয়া ও নিউ জিল‍্যান্ডে অনুষ্ঠেয় ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে। 

পর্তুগাল দলে আছেন সাসেক্স ও অকল‍্যান্ডের সাবেক কিপার-ব‍্যাটসম‍্যান ক্রেইগ কাচোপা ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন সেবাস্টিয়ান ডে অলিভেইরা। দলটিতে আরও আছেন বাংলাদেশে জন্ম নেওয়া স্পিনার সিরাজ উল্লাহ খাদেম। 

নেতৃত্ব হারালেও ১৪ জনের দলে জায়গা ধরে রেখেছেন কার্লোস নুনেস।