Published : 22 Jun 2026, 01:41 AM
কোভিড-১৯ টিকা দেওয়ার পরবর্তী স্বাস্থ্যসেবা নিয়ে সেমিনারের আয়োজন করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।
বিশ্ববিদ্যালয়ের মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং সেন্টার সম্প্রতি এ সেমিনার আয়োজন করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সিআইইউ।
সেমিনারে কোভিড ট্কিার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা করেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা।
এতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়া কলেজ অব পাবলিক হেলথের বিভাগীয় প্রধান অধ্যাপক এম মাহমুদ খান। তিনি একই সঙ্গে ‘জন এ ড্র’ প্রফেসর ইন হেলথকেয়ার অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিরেক্টর অব গ্র্যাজুয়েট স্টাডিজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন অ্যান্ড সাবসিকুয়েন্ট ইউজ অব হেলথকেয়ার সার্ভিসেস: আ স্টাডি বেইজড অন ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ ডেটা ফ্রম দ্য ইউএসএ’ শীর্ষক সেমিনারে অধ্যাপক মাহমুদ যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে কোভিড-১৯ টিকাদান মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের আচরণে কী ধরনের প্রভাব ফেলেছে তা তুলে ধরেন।
তিনি বলেন, “টিকাদান শুধু সংক্রমণ ও গুরুতর অসুস্থতার ঝুঁকি কমায় না, বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবা ব্যবহারের ধরন, প্রতিরোধমূলক চিকিৎসা গ্রহণ এবং সামগ্রিক জনস্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে।”
কার্যকর জনস্বাস্থ্য নীতি প্রণয়নের জন্য গবেষণাভিত্তিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিআইইউর সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। এতে স্বাগত বক্তব্য দেন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ও সিআইইউ স্কুল অব ল’র সহকারী ডিন নাজনীন আক্তার।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপনার পর অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
সিআইইউ বলেছে, ইউনিভার্সিটি অব জর্জিয়ার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সিআইইউর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং সেন্টার (এমএইচডব্লিউসি) এ কর্মসূচির আয়োজন করে।