Published : 21 Jun 2026, 11:36 PM
অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো আর্থিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার ডিস্ট্রিবিউটরদের নিয়ে চারটি মতবিনিময় সভা করেছে বিকাশ।
রোববার মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠপর্যায়ে নিরাপদ ও ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করতে পর্যায়ক্রমে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, রিজিওনাল সেলস টিম ও ডিস্ট্রিবিউশনের ফিল্ড ফোর্সসহ মাঠ পর্যায়ের প্রায় ১৬ হাজার কর্মীকে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার কার্যক্রম চলমান আছে।
মতবিনিময় সভায় এজেন্ট নেটওয়ার্ক পরিচালনায় আর্থিক লেনদেনে সঠিক তথ্য নিশ্চিতকরণ, টাকার উৎসের সচেতনতা, সন্দেহজনক লেনদেনের রিপোর্টিং, নিয়মিত তথ্য হালনাগাদ, কর্মকর্তাদের পর্যবেক্ষণ, নন-কমপ্লায়েন্ট এজেন্ট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বিকাশের হেড অব ডিস্ট্রিবিউশন ও রিটেইল বিজনেস ইরফানুল হক।
এ সময় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ক্লাসটার বিজনেস হেড, রিজিওনাল ম্যানেজার এবং এরিয়া ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী ডিস্ট্রিবিউটররা কীভাবে কমপ্লায়েন্স মেনে ব্যবসা করে ঝুঁকিমুক্ত থেকেছেন, সেসব অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
কমপ্লায়েন্স মেনে চলার ক্ষেত্রে প্রতিনিয়ত বিকাশের পক্ষ থেকে যেসব উদ্যোগ গ্রহণ করা হয় তা ব্যবসার জন্য সুবিধাজনক বলেও মত দেন তারা।
এ সময় অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিং প্রতিরোধে নজরদারি বাড়ানো, যথাযথ সময়ে রিপোর্টিং এবং সবার মধ্যে সচেতনতা তৈরিতে জোর দেওয়া হয়।