Published : 03 Aug 2025, 05:31 PM
মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে গত ১৩ থেকে ৩১ জুলাই অনুষ্ঠিত হল ‘ক্যাপস্টোন কোর্স ২০২৫’। তাতে শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বিশেষ স্বীকৃতি পেয়েছেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তানভীর আহমেদ শেলটেক গ্রুপ, এনভয় লিগ্যাসি, এনভয় টেক্সটাইলস লিমিটেড এবং গ্রিন টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ডিফেন্স কলেজের মর্যাদাপূর্ণ স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রামের অধীনে আয়োজিত এই তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সটি দেশের জাতীয় নিরাপত্তা, কৌশলগত চিন্তাভাবনা এবং বহুপক্ষীয় সহযোগিতা সম্পর্কে জ্যেষ্ঠ নেতৃবৃন্দের অন্তর্দৃষ্টি প্রসারের উদ্দেশ্যে পরিচালিত হয়।
সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, কর্পোরেট নির্বাহী, গণমাধ্যম ব্যক্তিত্ব, নাগরিক ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি ও আইনজ্ঞরা এ কোর্সে অংশ নেন।
মনোনীত ব্যক্তিরা বিভিন্ন কেইস স্টাডি, সিমুলেশন অনুশীলন এবং যৌথ বিশ্লেষণে অংশ নেন, যা দেশের ও বৈশ্বিক সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখে।
বৃহস্পতিবার কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হকও উপস্থিত ছিলেন।