Published : 23 Nov 2025, 06:38 PM
সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বাংলাদেশ ‘সি-সুইট অ্যাওয়ার্ডসের’ ‘সিইও অব দ্য ইয়ার-২০২৫’ পুরস্কার পেয়েছেন।
তিনি আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এ পুরস্কার পান বলে রোববার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, সিটি ব্যাংকে তার ‘অসাধারণ’ নেতৃত্ব এবং দেশের আর্থিক খাতে তিন দশকেরও বেশি সময়ের অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ‘সি-সুইট অ্যাওয়ার্ডসের’ চতুর্থ আসরে তিনি এ পুরস্কার পেয়েছেন।
এর আগের তিন আসরে এ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছিলেন ইস্টার্ন ব্যাংকের সিইও আলী রেজা ইফতেখার, এমটিবিএলের সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং বিকাশের সিইও কামাল কাদির।
সিটি ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসরুরের নেতৃত্বে ২০১৮ সালে ব্যাংকের পরিচালনা মুনাফা ছিল ৬৯৯ কোটি টাকা, যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ২ হাজার ৩৫১ কোটি টাকা। নিট মুনাফা ২০২ কোটি টাকা থেকে বেড়ে হয় ১ হাজার ০৮৫ কোটি টাকা।
এর পাশাপাশি ২০২৪ সালে কেন্দ্রীয় ব্যাংক সিটি ব্যাংককে দেশের ‘শীর্ষস্থানীয় টেকসই ব্যাংক’ হিসেবে ভূষিত করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।