২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মেটলাইফের সঙ্গে এনআরবি ব্যাংকের বীমা চুক্তি নবায়ন

এর মাধ্যমে ব্যাংকের শর্ত সাপেক্ষে ক্রেডিট কার্ড গ্রাহকদের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে বীমা সুবিধা পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 11:19 PM

Updated : 27 Sep 2026, 11:19 PM

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সেবা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মত চুক্তি নবায়ন করেছে বেসরকারি এনআরবি ব্যাংক পিএলসি।

মেটলাইফ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ব্যাংকের শর্ত সাপেক্ষে ক্রেডিট কার্ড গ্রাহকদের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে বীমা সুবিধা পাওয়া যাবে।

চুক্তি অনুযায়ী গ্রাহকরা হাসপাতালে ভর্তি হলে প্রতিবারের ব্যয়ে নগদ আর্থিক সুবিধাও পাওয়া যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান ও মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।

তারেক রিয়াজ খান বলেন, “আমাদের গ্রাহকরা এমন ব্যাংকিং সেবা প্রত্যাশা করেন, যা থেকে তাদের দৈনন্দিন জীবন মান উন্নত হবে। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টম বছরের এই পার্টনারশিপের ফলে ক্রেডিট কার্ড গ্রাহকরা অনাকাঙ্ক্ষিত ও কঠিন পরিস্থিতিতে নিজের ও পরিবারের আর্থিক সুরক্ষায় উপকার পাবেন।”

আলা আহমদ বলেন, “স্বাস্থ্যঝুঁকি বা অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চুক্তি অব্যাহত রাখার মাধ্যমে আমরা এমন বাস্তবভিত্তিক বীমা সুবিধা দিতে চাই, যা গ্রাহকদের আর্থিক দুশ্চিন্তা কমিয়ে ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে সহায়তা করবে।”

বাংলাদেশে ১৯৫২ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০ লাখেরও বেশি ব্যক্তি গ্রাহক ও ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে প্রতিষ্ঠানটি।