১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘প্রিয় এজেন্টে’ ক্যাশআউটের খরচ কমিয়েছে বিকাশ

গ্রাহকরা প্রতিমাসে নিজের সুবিধামতো দুজন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে বেছে নিতে পারবেন, বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 11:30 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

দুটি ‘প্রিয় এজেন্ট’ নাম্বারে টাকা তোলার (ক্যাশআউট) খরচ হাজারে এক টাকা কমিয়েছে মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া কোম্পানি— বিকাশ।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, এখন থেকে দুটি প্রিয় এজেন্ট নম্বরে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩ টাকা ৯৫ পয়সা খরচে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকরা। এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে, আর কোনো বাড়তি ব্যয় করতে হবে না গ্রাহককে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা প্রতিমাসে নিজের সুবিধামতো দুজন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে পারবেন। 

‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে প্রিয় এজেন্ট মেন্যু থেকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। 

অন্যদিকে, *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেন্যু থেকে ‘প্রিয় নম্বর’ মেনু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করে নেওয়ার সুযোগও থাকছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘প্রতিমাসে ৫০ হাজার টাকার চেয়ে বেশি এবং ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে হাজারে ১৮ টাকা ৫০ পয়সা চার্জ প্রযোজ্য হবে।’’