১১৫ কর্মকর্তাকে পদোন্নতি দিল আইএফআইসি ব্যাংক
তাদের পদোন্নতি উদযাপনে রাজধানীর আইএফআইসি টাওয়ারে ‘সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পেশাগত কর্মদক্ষতা ও টেকসই প্রবৃদ্ধিতে ‘গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিতে’ আইএফআইসি ব্যাংকের ১১৫ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
তাদের পদোন্নতি উদযাপনে সম্প্রতি রাজধানীর আইএফআইসি টাওয়ারে ‘সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করা হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
হাইব্রিড মডেলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দলের সদস্যরা ৪১ জন কর্মকর্তার কাছে সরাসরি পদোন্নতির পত্র হস্তান্তর করেন।
বিভিন্ন শাখা-উপাশাখার পদোন্নতিপ্রাপ্ত আরও ৭৪ জন কর্মকর্তাকে ভার্চুয়ালি পদোন্নতি পত্র দেওয়া হয়।
সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, “আইএফআইসি ব্যাংকের অগ্রগতির মূল চালিকাশক্তি আমাদের নিষ্ঠাবান, দক্ষ ও প্রতিশ্রুতিশীল কর্মীবৃন্দ। তাদের নিরলস পরিশ্রম ও অঙ্গীকারের ফলেই প্রতিষ্ঠান আজকের এই অবস্থানে পৌঁছেছে।
“মেধা ও সাফল্যের স্বীকৃতি কেবল ব্যক্তিগত অর্জনের অনুভূতি সৃষ্টি করে না, বরং এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি সহযোগিতামূলক, অনুপ্রেরণামূলক এবং ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যা ভবিষ্যতের পথচলাকে আরও সুসংহত ও দৃঢ় করে তোলে।”
পেশাগত উন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরে আইএফআইসি ব্যাংক ৭৭৭ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদোন্নতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
