Published : 30 Aug 2025, 09:28 PM
ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সম্প্রতি এ সভা হয়েছে বলে শনিবার ব্যাংকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে ‘রচনা প্রতিযোগিতা-২০২৪’ এর পুরস্কার বিতরণ ও ‘বন্ধন’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খাঁন।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান বলেন, “সুনাম পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের অপরিসীম আস্থা ও বিশ্বাসের অটুট মেলবন্ধনে এ ব্যাংক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।
“এ ব্যাংকের সুন্দর অতীত ছিল এবং ভবিষ্যতও সুন্দর হবে বলে আমি আশা করি। ব্যাংকের এক ঝাঁক সৎ এবং পরিশ্রমী কর্মী ব্যাংকের জন্য নিবেদিত হয়ে কাজ করছে।”
অফিসার কল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধিদের মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের কল্যাণে কাজ করার আহ্বান জানান চেয়ারম্যান।
অনুষ্ঠানে ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বক্তব্য দেন।
এ ছাড়া ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক এবং সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাশার ও মো. মোশাররফ হোসাইন, সমিতির সদ্য বিদায়ী সভাপতি এ কে এম মাহবুব মোরশেদ ও সাধারণ সম্পাদক এ এস এম রেজাউল করিম ও সহ-সভাপতি মো. মাহবুব-এ-আলম, নবনির্বাচিত সভাপতি আবুল লাইছ মোহাম্মদ খালেদ ও সাধারণ সম্পাদক মো. মজুনজ্জামানও বক্তব্য দেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মুহাম্মাদ সাঈদ উল্লাহ, এম কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।