ট্রাস্ট ব্যাংক ও পিকেএসএফের মধ্যে ক্রেডিট গ্যারান্টি চুক্তি
“এই চুক্তির মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”
ক্রেডিট এনহান্সমেন্ট স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান পিকেএসএফের মধ্যে ক্রেডিট গ্যারান্টি চুক্তি সই হয়েছে।
ট্রাস্ট ব্যাংক সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রান্তিক এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের আনুষ্ঠানিক আর্থিক সেবায় প্রবেশ সহজ করতে ক্রেডিট এনহান্সমেন্ট স্কিমের আওতায় পিকেএসএফের সঙ্গে চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক।
গত ২৬ জানুয়ারি চুক্তিতে সই করেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের।
ফজলুল কাদের বলেন, “এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিক ঋণ প্রাপ্তিকে সহজ করবে এবং ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি করবে।”
আহসান জামান চৌধুরী বলেন, “এই চুক্তির মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ২০২৫ সালের মে মাসে চালু হওয়া দেশের প্রথম কাঠামোবদ্ধ ক্রেডিট এনহান্সমেন্ট স্কিমের মূল লক্ষ্য হলো আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস করা এবং প্রান্তিক পর্যায়ে উৎপাদনশীলতা, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।
