২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট ও আর্থিক খাতের প্রতিনিধিদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সেমিনার

সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখার নানা কৌশল ও পরিকল্পনা নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

'নেক্সট ফ্রন্ট রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার’ শীর্ষক এক কর্পোরেট সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। 

দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট কোম্পানিগুলোর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং আর্থিক খাতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ সম্প্রতি এই আয়োজনে অংশ নেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হবিগঞ্জের দ্য প্যালেসে ১০ থেকে ১২ মে এই সেমিনারে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখার নানা কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, অর্থনীতিবিদ ও ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক জাহিদ হোসেন এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা আধুনিক বিশ্বের গতিশীল আর্থিক পরিমণ্ডলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সহযোগিতামূলক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খানসহ ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ আয়োজনে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবর্তনের মধ্যেও বাংলাদেশ যখন ঘুরে দাঁড়ানোর সক্ষমতা প্রদর্শন করে চলেছে, এমন মুহূর্তে এই সেমিনারের আয়োজন প্রতিষ্ঠানে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সিএফও এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল লিডারদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে ‘আরও জোরদার’ করেছে।

“এই আয়োজনে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো ব্যাংকিং এবং কর্পোরেট খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”