‘ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে’ দুই ‘সিলভার’ জিতল স্টারকম
এর আগে কমওয়ার্ড ও ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডেও একই ক্যাম্পেইনের জন্য মোট নয়টি পুরস্কার পেয়েছিল কোম্পানিটি।
যুক্তরাজ্যভিত্তিক ক্রিয়েটিভপুল অ্যানুয়াল অ্যাওয়ার্ডস ২০২৬ এ দুটি সিলভার অ্যাওয়ার্ড জিতেছে স্টারকম বাংলাদেশ।
স্যামসাংয়ের জন্য তৈরি ‘অ্যান অ্যাড দ্যাট ইরেজেস অ্যাডস’ ক্যাম্পেইনের জন্য এ স্বীকৃতি পাওয়ার কথা সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনে অংশ নেওয়া দুটি বিভাগেই সিলভার জিতেছে স্টারকম বাংলাদেশ। এবারের আয়োজনে ওই দুই বিভাগে সিলভারই ছিল সর্বোচ্চ পুরস্কার।
এর আগে কমওয়ার্ড ও ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৬ এ একই ক্যাম্পেইনের জন্য মোট নয়টি পুরস্কার পেয়েছিল স্টারকম বাংলাদেশ।
এর আগে ২০২৫ সালে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রার জন্য তৈরি ‘সামারিজ, জাস্ট লাইক দ্যাট!’ ক্যাম্পেইনের জন্যও ক্রিয়েটিভপুলে স্বীকৃতি পেয়েছিল প্রতিষ্ঠানটি।
এবারের অর্জন নিয়ে স্টারকম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী বলেন, “মানুষের সাথে সহজে যোগাযোগ তৈরি করে এবং বিজ্ঞাপনের জগতে নতুন কিছু যোগ করে, এমন কাজ করাই আমাদের সবসময়কার লক্ষ্য।
“এই স্বীকৃতি আমাদের পুরো দলের জন্য সত্যিই গর্বের একটি মুহূর্ত। একই সঙ্গে বাংলাদেশের বিজ্ঞাপন অঙ্গনের জন্যও এটি আনন্দের খবর। কারণ, এই অর্জন প্রমাণ করে, দেশের মাটিতে তৈরি ভালো আইডিয়াও বিশ্বের সেরা কাজগুলোর সঙ্গে জায়গা করে নিতে পারে।”
স্টারকম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহমেদুন ফায়েজ বলেন, “স্টারকম বাংলাদেশ এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। এই ধারাবাহিক সাফল্য এটাই প্রমাণ করে, ভালো মানের কাজ করার প্রতি আমাদের যে প্রতিশ্রুতি ও চেষ্টা, সেটি আমরা ধরে রাখতে পেরেছি।”
ক্যাম্পেইনটি নিয়ে স্টারকম বাংলাদেশের পরিচালক আরএইচ সজীব বলেন, “আমরা ভাবছিলাম, এআইয়ের কোনো একটি ফিচারকে কীভাবে এমনভাবে তুলে ধরা যায়, যাতে সেটি মানুষের কাছে ‘আরেকটা সাধারণ ফিচার’ মনে না হয়; বরং সত্যিকার অর্থেই কাজে লাগে এবং মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে।”
