Published : 26 Jan 2026, 12:50 AM
শোভাযাত্রা ও সেমিনারসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দুই বছর পূর্তি উদযাপন করল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।
শনিবার ক্যাম্পাসে এসব আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ইতিবাচক হলেও সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা নিশ্চিত করা জরুরি।
"সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য সত্যনিষ্ঠ সংবাদিকতার বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তরুণরাই পারে সমাজ ও দেশ থেকে অন্যায় অবিচার দূর করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, সিটিজেন জার্নালিজম বর্তমান সময়ে একটি শক্তিশালী মাধ্যম হলেও এর সঙ্গে দায়িত্বশীলতা ও নৈতিকতার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। তথ্য যাচাই ছাড়া যেকোনো সংবাদ প্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন যমুনা টেলিভিশনের পলিটিকাল এডিটর আলমগীর স্বপন।
সেমিনারের পর শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়।