২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: শনাক্ত ৬১৮, মৃত্যু ৪ জনের

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমে হয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2022, 05:28 PM

Updated : 28 Jul 2022, 09:43 PM

দেশে গত একদিনে আরও ৬১৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৩৮টি নমুনা পরীক্ষা করে ৬১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমে হয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। আগেরদিন এই হার ছিল ৬ দশমিক ৮৩ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ৮৭২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।

নতুন শনাক্ত ৬১৮ জনের মধ্যে ৩০৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫০ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

গত এক দিনে মারা যাওয়া চারজনের মধ্যে একজন ছিল ঢাকা বিভাগের বাসিন্দা। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন তিনজন। তাদের দুজন পুরুষ, দুজন নারী। তাদের তিনজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নামে। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বেড়ে যায়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ২৮ মাস পর বৃহস্পতিবার শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়ায়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৭ কোটি ২৬ লাখের বেশি।