কোভিড: শনাক্তের হার বেড়ে ৮.৩৪%
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জন হয়েছে।
দেশে গত এক দিনে আরও ২৭৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ শতাংশ ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৪টি নমুনা পরীক্ষা করে ২৭৮ জন নতুন রোগী শনাক্ত হয়, এই সময়ে মৃত্যু হয়েছে ১ জনের।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশ। একদিন আগেই শনাক্তের হার ৭ দশমিক ৪০ শতাংশে পৌঁছায়। বুধবার ৬ দশমিক ৯৪ শতাংশ ছিল শনাক্তের হার।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩১ জনের মৃত্যু রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২৬০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন।
গত একদিনে যে ২৭৮ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তাদের মধ্যে ২১১ জনই ঢাকা বিভাগের। দেশের ৩৪ জেলায় এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়নি।
যিনি মারা গেছেন তিনি ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। ষাটোর্ধ্ব ওই পুরুষ একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ১০ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬০ কোটি ৭৫ লাখের বেশি।
