জগন্নাথের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীকে পিটুনি
হামলাকারীরা ছাত্রলীগের কর্মী বলে ওই শিক্ষার্থীর অভিযোগ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিতে গিয়ে আরেক দল শিক্ষার্থীর মারধরের শিকার হয়েছেন এক শিক্ষার্থী।
সৌরভ দাশ নামে ওই শিক্ষার্থী তার উপর হামলার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। তবে এই ঘটনার সঙ্গে সংগঠনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন।
এক শিক্ষার্থীর উপর হামলার খবর পেয়েছেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল। তিনি সাংবাদিকদের বলেন, ওই শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সৌরভ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী। সোমবার দুপুরে মেডিকেল সেন্টারে সেবা নিতে গিয়েছিলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক মেডিক্যাল সেন্টারের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ওই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে বাইরে নিয়ে মারধর করেন তারা। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।
সৌরভ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি রক্তচাপ মাপছিলেন; তখন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী এসে তাকে চেয়ার থেকে উঠতে বলেন।
“আমি তাকে আমার দেখানোর পরে বসতে বলি; এতে তিনি ক্ষুব্ধ হয়ে আমার উপর চড়াও হন। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই আপু আমাকে বাইরে ডেকে নেন। এরপর বেশ কয়েকজন বড় ভাই এসে আমাকে মারধর করে।”
হামলাকারী হিসেবে ইকবাল মাহমুদ রানা, সৈকত, মিনুন মাহফুজ, মিরাজ হোসাইন, সজীব বুদ্ধের নাস বলেছেন সৌরভ। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
মিরাজ হোসাইন অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি মেয়েদের সাথে কোনো একটা ঝামেলা হইছে। ১৫ ব্যাচের এক মেয়ের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটছে। দুজনেই চিকিৎসা নিতে গেছে, এই নিয়ে মনে হয় ঝামেলা হইছে। এরপর আর খোঁজ নিইনি।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারও ছোট বোন বা বড় বোনের সাথে কেউ যদি অসভ্যতা করে, তাইলে তো ছোট ভাই থাকলে, বড় ভাই থাকলে প্রতিবাদ করবে। হয়তবা প্রতিবাদ করছে। আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে বলতে চাই, আমাদের ছাত্রী বোনদের সাথে অশোভন আচরণ চলবে না।”
