এডুকেশন এক্সপোতে আগ্রহ তরুণদের
অনুষ্ঠানে ১ হাজার শিক্ষার্থীকে এমার্জিং লিডার অ্যাওয়ার্ড দেওয়া হয়।
দেশ ও দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হলো ‘ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন এক্সপো’।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এমএইচ গ্লোবাল গ্রুপ এ মেলার আয়োজন করে।
মেলায় নানা বয়সী তরুণদের আগ্রহ দেখা যায়। তাদের অধিকাংশই দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খোঁজ নিতে মেলায় এসেছেন। কেউ কেউ আবার চাকরির খোঁজে এসেছেন।
একটি স্টলে বিদেশগামী শিক্ষার্থীদের পরামর্শ দিচ্ছিলেন সিনিয়র এডুকেশন কাউন্সিলর আনার কলি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের প্রোফাইল দেখে আমরা স্টুডেন্টেদের সাজেস্ট করি যে, কোন ইউনিভার্সিটি তার জন্য ভালো। সকাল থেকে আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আসছে। অনেক আগ্রহ তাদের। সবাই বিদেশে পড়াশোনা করতে চায়।”
খুলনার বি এল কলেজ থেকে এইচএসসি পাস করা আবু সাঈদ শিফাত এ মেলায় এসেছেন দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিষয়ে পরামর্শ নিতে।
তিনি বলেন, “আসলে আমরা নিজেরা তো ঠিকমত বুঝি না যে, কোথায় কীভাবে অ্যাপ্লাই করব। এই মেলার কথা জানতে পেরে এখানে আসলাম বিষয়গুলো জানতে। ওনারা সাজেশন দিচ্ছেন, সে অনুযায়ীই অ্যাপ্লাই করব।”
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী তাসফিয়া আনোয়ারও মেলায় এসেছিলেন।
তিনি বলেন, “পাবলিক ভার্সিটিতে অনেক কম্পিটিশন। প্রাইভেটেও অনেক বেশি খরচ। তাই চাচ্ছিলাম দেশের বাইরে পড়াশোনার জন্য। আমার বন্ধুদের কাছ থেকে মেলা সম্পর্কে জেনে এখানে আসলাম ইউকে’র বিশ্ববিদ্যালগুলো সম্পর্কে জানতে।”
চাকরির বিষয়ে খোঁজ নিতে মেলায় এসেছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করা রিফাত রহমান।
তিনি বললেন, ক্যারিয়ার এক্সপোতে এসে অনেক চাকরির বিষয়ে জানতে পেরেছেন তিনি।
“এখানে কথা বলে দেখলাম আমার যে কোয়ালিটি- সেই অনুযায়ী কোথায় কোথায় চাকরির সুযোগ আছে। আবার নিজের ডেভেলপমেন্টের জন্য আর কী কী করা প্রয়োজন, সেটাও জানলাম। আবার বিদেশে পড়ার বিষয়েও কথা বললাম, ওনারা যোগাযোগ রাখতে বলেছেন।”
এমএইচ গ্লোবাল গ্রুপের প্রতিষ্ঠান এমআইই প্যাথওয়েজ, এমআইই (মাট্রিক্স ইন্টারন্যাশনাল এডুকেশন) ইংলিশ একাডেমি, এমআইই সার্ভিস, এএইচজেড অ্যাসোসিয়েটস, অ্যালামনাই ব্রিজ, ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন অংশ নিয়েছে।
এএইচজেড অ্যাসোসিয়েটসের রিজিওনাল অপারেশন্স ম্যানেজার এইচএম শাহজালাল জানান, যুক্তরাজ্যে পড়াশোনার জন্য আগ্রহী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও চাকরির বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে তারা এই মেলার আয়োজন করেছে।
“যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা এখানে আসছেন। সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা এখানে আছেন। তাদের আমরা কাউন্সিলিং করছি।
“তাদের জন্য শিক্ষাবৃত্তি, ইউনিভার্সিটিগুলো সুযোগ-সুবিধা, কারিকুলাম, সেটেলমেন্ট সম্পর্কে এখান থেরকে জানতে পারছে। একই সাথে আমরা কোনো সার্ভিস চার্জ ছাড়াই ইউনিভার্সিটিগুলোর সাথে শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরি করে দিচ্ছি।”
অনুষ্ঠানে ১ হাজার শিক্ষার্থীকে এমার্জিং লিডার অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এ সময় এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের তাদের অ্যাকাডেমিক প্রচেষ্টায় শ্রেষ্ঠত্ব অর্জন করানো এবং সফল ক্যারিয়ার তৈরি করতে সহায়তা দেওয়া। বাংলাদেশ এবং দেশের বাইরে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের মাধ্যমে নতুন প্রজন্মের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই আমরা।”
মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার গোলাম মর্তুজা, চিফ অপারেটিং অফিসার বেঞ্জামিন বিলবাষ্টোন, চিফ কর্মাসিয়াল অফিসার জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক কেথরিন ওভানস।
