কৃষি ও স্বাস্থ্যে জীবপ্রযুক্তি নিয়ে ঢাবিতে তিন দিনের সম্মেলন
দেশ-বিদেশের গবেষকদের নিয়ে পঞ্চম দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর।
দেশের কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের টেকসই উন্নয়নে জীবপ্রযুক্তির ব্যবহার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস-জেএনওবিবি।
দেশ-বিদেশের গবেষকদের নিয়ে পঞ্চম দ্বিবার্ষিক এই সম্মেলন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর, চলবে থেকে ৩ তারিখ পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সম্মেলন চলবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘জেএনওবিবি’র সভাপতি অধ্যাপক জেবা ইসলাম সিরাজ।
তিনি বলেন, “বাংলাদেশি জীবপ্রযুক্তিবিদদের জন্য এই সম্মেলন পৃথিবীর সবচেয়ে বড় পরিসর, যেখানে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তারা মিলিত হবেন, চিন্তাধারা বিনিময় করবেন এবং গবেষণালব্ধ জ্ঞান উপস্থাপনের মধ্য দিয়ে দেশের কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবেন।”
যুক্তরাষ্ট্র ও ভারতসহ অন্যান্য দেশের বিজ্ঞানীরাও এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানান অধ্যাপক সিরাজ।
এবারের উদ্যোগে ‘জেএনওবিবি’র সঙ্গে যৌথ আয়োজক হল বাংলাদেশ বায়োসেইফটি অ্যান্ড বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস) এবং ফেডারেশন অব এশিয়ান বায়োটেক এসোসিয়েশনস (এফএবিএ) ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ‘জেএনওবিবি’র সাধারণ সম্পাদক আসাদুল গণি।
তিনি বলেন, “এই সম্মেলনের মূল লক্ষ্য, উন্নত জীবপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের উন্নয়ন ঘটানোর জন্য সক্ষমতা অর্জন ও জনসচেতনতা তৈরি। একই সঙ্গে জীবসুরক্ষা এবং জীবনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।
“অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমান সময়ে কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের জন্য নীরব হুমকি। সেই কারণে জীবপ্রযুক্তির প্রয়োগে জীবসুরক্ষা ও জীবনিরাপত্তার বিষয় দুটি বিশেষ গুরুত্ব পাবে সম্মেলনের তৃতীয় দিনের আলোচনায়।”
সম্মেলনের প্রথম দিন ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখবেন জেএনওবিবির সভাপতি অধ্যাপক জেবা ইসলাম সেরাজ। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও ‘এফএবিএ’র সভাপতি ড. আসাদুল গণি এবং ‘বিবিবিএস’র সভাপতি চন্দন কুমার রায়।
উদ্বোধন পর্বে বিশেষ অতিথি হয়ে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ।
সম্মেলনে ‘জেএনওবিবি’র প্রতিষ্ঠাতা এবং জীবপ্রযুক্তিবিদ অধ্যাপক আহমেদ শামসুল ইসলামের কর্মময় জীবনের ওপর একটি তথ্যচিত্র দেখানো হবে।
সম্মেলনের প্রথম এবং দ্বিতীয় দিনের প্রতিপাদ্য হচ্ছে ‘স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে জীবপ্রযুক্তির বর্তমান পরিস্থিতি এবং প্রয়োগ’।
সেই সঙ্গে বিশেষ গুরুত্ব পাবে জীবসুরক্ষা ও জীবনিরাপত্তার উপর। সম্মেলনের তৃতীয় দিনের মূল বিষয় “অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ।
গবেষণায় সক্ষমতা অর্জন এবং জীবসুরক্ষা ও জীবনিরাপত্তা নিয়ে আয়োজন করা হয়েছে কয়েকটি প্রাক-সম্মেলন বৈজ্ঞানিক কর্মশালা।
৩১ অগাস্টের দিনব্যাপী কর্মশালার বিষয় ‘রাইস রেটুনিং আ নিউ স্ট্র্যাটেজি টু এনশিওর ফুড সিকিউরিটি’।
সম্মেলন শেষে ৪ সেপ্টেম্বর সকালের কর্মশালার বিষয় চালের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এর যৌথ আয়োজক জেএনওবিবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ।
আয়োজনে নিবন্ধিত ও আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন কৃষিবিজ্ঞান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, বায়োইনফরমেটিক্স, জীবপ্রযুক্তি, উদ্ভিদবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, খাদ্যবিজ্ঞান, জেনেটিক্স ও জেনোমিক্স, চিকিৎসাবিজ্ঞান, অণুজীববিজ্ঞান, প্রাণিবিদ্যা এবং জীববিজ্ঞানের আরো শাখার বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, ছাত্র, নীতি-নির্ধারক, ব্যবসায়িক, পণ্য-নির্মাতা বা উদ্যোক্তা।
গবেষণায় বিশেষ অবদান রাখায় সম্মেলনে প্রবাসী এবং দেশে অবস্থানকারী বিজ্ঞানীদের মধ্যে চারজনকে পুরস্কার দেওয়া হবে এবার।
তারা হলেন– মো. তোফাজ্জল ইসলাম, হাসান জাকি, মির্জা হাসানুজ্জামান এবং মো. আরিফুল ইসলাম। এই বিজ্ঞানীরা সম্মেলনে বক্তব্য রাখবেন।
সম্মেলনে প্রথমবারের মত উদীয়মান বিজ্ঞানীদের গবেষণাকাজ উপস্থাপনের একটি আলাদা আয়োজন রয়েছে। এছাড়া পোস্টার প্রদর্শনীর জন্য ১৫টি এবং মৌখিক উপস্থাপনের জন্য ৪টি পুরস্কারের ব্যবস্থা আছে।
