২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলন এক মাস পিছিয়েছে

পর্যাপ্ত প্রস্তুতি শেষ না হওয়ায় সম্মেলন পেছানো হয়েছে।

ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলন এক মাস পিছিয়েছে

ছাত্র ইউনিয়নের ৪০তম সম্মেলন হয়েছিল ২০২০ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 09:18 PM

Updated : 08 Feb 2023, 09:18 PM

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলন এক মাস পেছানো হয়েছে।

পূর্ব ঘোষিত ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৯, ১০ ও ১১ মার্চ তা অনুষ্ঠিত হবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাম ছাত্র সংগঠনটি।

সম্মেলনের পর্যাপ্ত প্রস্তুতি শেষ না হওয়ায় তা পেছানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলাগুলোর কনফারেন্স আমরা এখনও শেষ করতে পারি নাই। তাছাড়া এই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ফাঁকা পাওয়া যাচ্ছে না। সার্বিক বিষয় বিবেচনা করে সম্মেলনের তারিখ এক মাস পেছানো হয়েছে।”

২০২০ সালের ২২ নভেম্বর ৪০তম জাতীয় সম্মেলনে ফয়েজ উল্লাহকে সভাপতি ও দীপক শীলকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। সম্মেলনের প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে তখন থেকেই সংগঠনের একটি অংশ আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে।

এরমধ্যেই জাতীয় পরিষদের সভা ডেকে গত বছরের ১৯ জুন ফয়েজ-দীপকদের অব্যাহতি দিয়ে ছাত্র ইউনিয়নের পুনর্গঠিত কমিটি ঘোষণা করেন ‘বিদ্রোহীরা’। এতে নজির আমিন চৌধুরী জয়কে সভাপতি ও রাগীব নাঈমকে সাধারণ সম্পাদক করা হয়।

এ ঘটনার মধ্য দিয়ে ছাত্র ইউনিয়ন দৃশ্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

তবে ৪১তম জাতীয় সম্মেলন ঐক্যবদ্ধভাবে হবে বলে জানান দীপক শীল। তিনি বলেন, “আমাদের মধ্যে আর কোনো বিভেদ নেই। ঐক্যবদ্ধভাবেই ৪১তম জাতীয় সম্মেলন হবে এবং নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।”