২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩ বছর পর বিভাগ জানল ছাত্রটি 'ভুয়া’

ওই শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের সঙ্গে ক্লাস করতেন এবং নিয়মিত বিভিন্ন ইনকোর্স পরীক্ষাতেও অংশ নিতেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 12:39 AM

Updated : 25 Aug 2022, 04:21 PM

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও 'ভুয়া' পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিন বছর ধরে অধ্যয়ন করা এক শিক্ষার্থীকে আটক করে থানায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাজিদ উল কবির নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের সঙ্গে ক্লাস করতেন এবং নিয়মিত বিভিন্ন ইনকোর্স পরীক্ষাতেও অংশ নিতেন।

বুধবার ষষ্ঠ সেমিস্টারের একটি ইনকোর্স পরীক্ষা দেওয়ার সময় ধরা পড়েন ওই শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।

পরীক্ষায় একই রোল নম্বর দুই শিক্ষার্থী ব্যবহার করলে তা একজন শিক্ষকের নজরে আসে। তখন জিজ্ঞাসাবাদে সাজিদের ভুয়া ছাত্র পরিচয় ধরা পড়ে বলে জানান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. শাহিদুল আলম মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরীক্ষার হলে ধরা পড়ার পর আমরা তার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেছি, তিনি কখনই এই বিভাগে ভর্তি হননি। ভুয়া ছাত্র পরিচয়ে ক্লাসে অংশগ্রহণ ও ইনকোর্স পরীক্ষা দিলেও তিনি ফাইনাল পরীক্ষা দিতে পারেননি।

"কারণ ফাইনাল পরীক্ষা দিতে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর থাকতে হয়, ফরম ফিলাপ করতে হয়, একটা প্রক্রিয়ার মাধ্যমে এডমিট কার্ড দেওয়া হয়। কিন্তু ক্লাস বা ইনকোর্সেতো এগুলো লাগে না। তাই তিনি সবাইকে ফাঁকি দিয়ে ক্লাস করতে পেরেছেন।"

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাজিদ তিন বছর ধরে তাদের সঙ্গে ক্লাস করতেন। একসঙ্গে চলাফেরা ও ব্যাচ ট্যুরেও গিয়েছেন। কোনো আবাসিক হলে না থাকলেও তিনি বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করতেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টন অধ্যাপক একেএম গোলাম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্ত এই শিক্ষার্থী স্বীকার করে লিখিত দিয়েছে যে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না এবং অছাত্র ও বহিরাগত হিসেবে ক্লাস-পরিক্ষায় অংশ নিয়েছে।

"তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও বিভাগের অভিযোগের ভিত্তিতে অধিকতর তদন্তের স্বার্থে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"