১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

এসইউবির ‘অনুপ্রেরণাদায়ী শিক্ষক’ সম্মাননা পেলেন অধ্যাপক এম এ রশিদ

শিক্ষা, গবেষণা ও শিক্ষকতা পেশায় দীর্ঘদিনের অবদান এবং প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীকে অনুপ্রাণিত করার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 09:23 PM

Updated : 11 Oct 2026, 09:23 PM

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমিরেটাস অধ্যাপক এম এ রশিদকে ‘ইন্সপাইরিং টিচার’ সম্মাননা দিয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)।

শিক্ষা, গবেষণা ও শিক্ষকতা পেশায় দীর্ঘদিনের অবদান এবং প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীকে অনুপ্রাণিত করার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৮ অক্টোবর এসইউবি ক্যাম্পাসে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. হাসান কাউসার, মনোনীত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক কে এস সারওয়ার উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে সকালে শিক্ষকদের টেবিলে শুভেচ্ছা কার্ড ও ফুল রেখে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকতার মর্যাদা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা এবং দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে তাদের অবদানের কথা তুলে ধরেন।

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ও গবেষণায় শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকার ওপরও গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানের বিশেষ পর্বে অধ্যাপক এম এ রশিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং দেশের ফার্মেসি শিক্ষায় তার অবদানকে এ স্বীকৃতির কারণ হিসেবে তুলে ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অনুপ্রেরণাদায়ী শিক্ষকতার অবদানকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে এসইউবি।