২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2024, 09:16 PM

Updated : 14 Feb 2024, 09:16 PM

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উৎসাহ, উদ্দীপনায় স্বরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সুর ও বিদ্যার দেবীর চরণে পুষ্পার্ঘ্য দিয়ে পূজার সূচনা হয়।

মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূজা অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মৃন্ময় চক্রবর্ত্তী।

বিশেষ অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শীমা আহমেদ।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস এর পরিচালক ড. সাঈদ উজ জামান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দীপক কুমার মিত্র।

মৃন্ময় চক্রবর্তী নর্থ সাউথ ইউনিভার্সিটির অসাম্প্রদায়িক পরিবেশে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে পূজা উদযাপনের প্রশংসা করে একটি সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের সকল ধর্মকে সম্মান ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

শীমা আহমেদ বলেন, “আমাদের সবার জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। জ্ঞান চর্চা আমাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে।”

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনা লালন করার আহ্বান জানিয়ে বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি অসাম্প্রদায়িক সংস্কৃতি লালন করে। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।

সবশেষে সন্ধ্যা আরতির মধ্য দিয়ে পূজার আয়োজনের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।