অডিও ফাঁস: রিভার বিরুদ্ধে দুই ছাত্রীকে আটকে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ
অডিওটি কে ফাঁস করেছে, তা বলার জন্য দফায় দফায় ‘খারাপ ভাষায় গালাগালি’ ও ‘মানসিক নির্যাতন’ করেন বলে অভিযোগ করেন দুই ছাত্রী।
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার অডিও ফাঁসের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি আদায় করতে দুই ছাত্রীকে ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এসময় তাদের উলঙ্গ করে ভিডিও করে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
তবে এসব অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে রিভা জানান, তাকে নানা ধরনের অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করছেন হলের কয়েকজন নেত্রী।
সাংগঠনিক কর্মসূচিতে অংশ না নেওয়ায় সম্প্রতি কলেজের রাজিয়া বেগম ছাত্রীনিবাসের ছাত্রীদের নিজ কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালির অডিও ফাঁস হওয়ার পর ক্ষমাও চেয়েছেন তামান্না জেসমিন রিভা।
রিভা যাদের গালাগালি করেছেন, তারা রাজিয়া হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন। সেই কক্ষে থাকেন চার শিক্ষার্থী। ফাঁস হওয়া অডিওটি শুক্রবার সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পরদিন চারজনের মধ্যে দুজন হল ছেড়ে দেন।
বাকি দুই শিক্ষার্থীর অভিযোগ, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রিভা তাদের বঙ্গমাতা হলের ১১০৭ নম্বর কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে তাদের বিকল সাড়ে ৫টা পর্যন্ত আটকে রাখেন।
এসময় অডিওটি কে ফাঁস করেছে, তা বলার জন্য দফায় দফায় ‘খারাপ ভাষায় গালাগালি’ ও ‘মানসিক নির্যাতন’ করেন বলেও অভিযোগ করেন ওই দুই ছাত্রী।
দীর্ঘ ৬ ঘণ্টা পর তাদের নিজের হেফাজতে নেন রাজিয়া বেগম ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ নারগিস রুমা। পরে তাদেরক একটি কক্ষে নিয়ে ঘটনা খুলে বলার জন্য নানাভাবে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষকসহ কয়েকজন শিক্ষার্থী।
জিজ্ঞাসাবাদের বেশ কয়েকপি ভিডিও ক্লিপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে রয়েছে।
সেখানে দুই শিক্ষার্থীকে বলতে শোনা যায়, হল ছাত্রলীগ সহসভাপতি সুমনা মীমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে তাদের নানাভাবে চাপ প্রয়োগ করেন তামান্না জেসমিন রিভা।
এক ছাত্রী বলেন, “আমাদের আটকে রাখার এক পর্যায়ে রিভা আপু আমাদের বলেন, যদি স্বীকার করস যে, সুমনা মীম তোদের দিয়া এগুলা করাইছে, তাহলে তোদের ছেড়ে দিব।
“এরপর এ সম্পর্কিত একটা কাগজ আমাদের সামনে দিয়ে সেটি পাঠ করতে বলেন রিভা আপু।”
ওই শিক্ষার্থী আরও বলেন, “রিভা আপু হুমকি দিয়ে বলেছে, এটি পাঠ না করলে তুই কিভাবে ইডেন কলেজ থেকে পাস করে বের হোস আমি দেখমু। আর এটা না করলে তোদের উলঙ্গ করে ভিডিও করে ভাইরাল করে দেব।
“ভয়ে আমি মীম আপুর বিরুদ্ধে কথা বলে সেই কাগজের লেখাটা পাঠ করেছি। এ সময় ওনারা সেটির রেকর্ড করেছে। তবে মীম আপু এটার সঙ্গে জড়িত না। আর আমরাও এটির সঙ্গে জড়িত না।”
অভিযোগের বিষয়ে তামান্না জেসমিন রিভা বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের কলেজের প্রিন্সিপাল, হল সুপার ম্যডামরা আছেন, তাদের সাথে কথা বলে দেখেন এমন কোনো ঘটনা ঘটেছে কি না।
“এটা তাদের একটা নতুন কৌশল। কেউ মিথ্যা কথা বললে তো আমাদের আর কিছু করার নেই।”
বিতর্কিত করতে এসব অভিযোগ আনা হচ্ছে দাবি করে রিভা বলেন, “আগামীকাল ২৫ অগাস্ট ইডেন কলেজ ছাত্রলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনাসভা হবে, এই প্রোগাম নিয়ে আমি ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক খুব ব্যস্ত।
“এখানে যারা অডিও প্রকাশ করেছে তাদের সঙ্গে দেখা বা কথা বলার মত কোনো সুযোগই আমাদের নাই। কালকের প্রোগামটা যাতে করতে না পারি এর জন্য কয়েকজন নেত্রী উঠে পড়ে লেগেছে।
“এই কারণে গত কয়েকদিন ধরেই নানা ধরনের কৌশল তারা করছে। কমিটি গঠনের পরে আমরা সুন্দরভাবে একটা প্রোগাম করি এটা তারা চায় না, তাই নানা ধরনের মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিতর্কিত করার চেষ্টা করছে।”
এ বিষয়ে জানতে রাজিয়া হলের প্রাধ্যক্ষ নারগিস রুমাকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোন কেটে দেন। পরে মোবাইল ফোনে এসএমএস করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান। পরে আরও একবার তাকে ফোন করা হলেও তিনি ফোন কেটে দেন।
আরও খবর
