অডিও ফাঁস: ক্ষমা চাইলেন ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা
“নিজেরা নিজেরা কথা বলেছি সেটাও এখন নিউজ হয়ে যাচ্ছে,” বলেন অভিযুক্ত নেত্রী।
সাংগঠনিক কর্মসূচিতে অংশ না নেওয়া নিয়ে ইডেন কলেজের রাজিয়া হলের ছাত্রীদের নিজ কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালির অডিও ফাঁস হওয়ার পর ক্ষমা চেয়েছেন শিক্ষালয়টির ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা।
শনিবার তিনি এক ফেইসবুক পোস্টে লেখেন, “ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এরা আমার পরিবারের সদস্য ছাড়া অন্য কিছু নয়।
“একান্ত ব্যক্তিগত পরিবেশে হলেও দায়িত্বশীল জায়গা থেকে অসংযত ভাষার প্রয়োগ আমার অপরাধ হয়েছে বলে আমি স্বীকার করছি। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে এমন শিক্ষা দেয় না, তাই সংগঠনের প্রতি আমি ক্ষমাপ্রার্থী।”
শুক্রবার ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার গালাগালির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অডিওতে হলের ছাত্রীদের উদ্দেশ্য করে রিভাকে বলতে শোনা যায়, “বুঝিস না, পলিটিক্যাল রুমে থাকিস। তোদের লিগ্যাল করাইছে, তাতে আমার …কি? আমি যদি একটা সিট না দেই, ২০২ থেকে তোদের কোন বাপ সিট দেবে? ম্যাডামরা দেবে? ক্ষমতা আছে ম্যাডামদের?”
এসময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, “ও তো অসুস্থ বাসায় গেছে।” জবাবে রিভা বলেন, “২০২ (রুম নম্বর) এ আর লিগ্যাল কে? তোরা লিগ্যাল তাতে আমার কি…(প্রকাশ অযোগ্য) গেছে? বল? আমি কি…তোদের।
“চ্যাটাং চ্যাটাং করতেছোস। এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ধইরা ছিঁড়া ফেলমু। চার মাস হয়ে গেছে ফাইজলামি শুরু করছিস।”
অডিওটিতে রিভাকে আরও বলতে শোনা যায়, “আমি যদি রুম না দেই সুমনা মীমের বাপেরও ক্ষমতা নেই ২০১ রুম রাখা। কাউকে দিয়ে ফোন করাইয়া আমারে রাখতে পারবে না। ২০১ এ থাকে না, ওইটাও রাখতে পারবে না। চার মাস যাবত ভদ্রতা দেখাই, রুমে মেয়ে পাঠাই না।
“চ্যাটাং চ্যাটাং কথা বলিস, আটজনে লিগ্যাল থাকিস। তোরা লিগ্যাল থাকিস তাতে আমার কি... (প্রকাশ অযোগ্য)। আমার পলিটিক্যাল রুমে লিগ্যাল থাকার কোনো অপশন আছে? যাদের টাকা দিয়া উঠছিস, তাদের লগে হ্যাডাম দেখাইস। আমার সাথে হ্যাডাম দেখাইতে আসিস না।”
জানতে চাইলে জেসমিন রিভা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেখুন, এটা একেবারেই আমাদের হলের একটি কক্ষে, যে সকল মেয়ে ছাত্রলীগ করে তাদের সঙ্গে আমরা কথা বলতেছিলাম।এখানে আমি নেতৃত্ব দিচ্ছি, আমার কর্মীদের একবার বকা দিব, আবার কাছে টেনে আনব, শাসন করে কথা বলেছি। আবার তাদের নিয়ে বসে আড্ডাও দিয়েছি।
“এখানে প্রায় ৪০ মিনিট ধরে কথা বলেছি, শাসন করেছি আবার কাছেও টেনে নিয়েছি। কিন্তু একজন রেকর্ড করে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করতে কেটে অল্প একটু বাইরে দিয়েছে। আমরা নিজেরা কথা বলার সময় কত কথাই বলি, সব তো আর সংবাদ হওয়ার কথা না।নিজেরা নিজেরা কথা বলেছি সেটাও এখন নিউজ হয়ে যাচ্ছে।”
রাজিয়া হলের প্রাধ্যক্ষ নারগিস রুমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ও কয়েকজন মেয়েকে বকাবকি করেছে। তাকে আমরা ডেকে বলব যে, এটা করা ঠিক হয় নাই, আর যাতে না করে। ওরা তো আমাদের সন্তানের মতোই।
“তার পরও আমরা বলেছি, মেয়েরা যদি কোনো লিখিত অভিযোগ দেয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”
