২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মার্চে

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরেও ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা যায় কিনা, সে ব্যাপারেও আলোচনা হয়েছে ডিনস কমিটির সভায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মার্চে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 10:01 PM

Updated : 12 Dec 2023, 10:01 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী মার্চ মাসে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রতিবারের মত এবারও চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

২ মার্চ বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিট, ৮ মার্চ কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি’ ইউনিট, ৯ মার্চ ব্যবসায় প্রশাসন অনুষদের ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ সমাজবিজ্ঞান অনুষদের সকল বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা ও মনোবিজ্ঞান বিভাগ এবং ব্যবসা প্রশাসন অনুষদের সকল বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাঝে ৩ ও ৪ মার্চ ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ভর্তিচ্ছুরা ৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা ফি জমা দেওয়ার শেষ সময় ২০ জানুয়ারি।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরেও ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা যায় কিনা, সে ব্যাপারেও আলোচনা হয়েছে ডিনস কমিটির সভায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

জানতে চাইলে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. নাসিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সেখানেও এবার পরীক্ষার কেন্দ্র রাখা যায় কিনা দেখছি।”