২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মৃত’ বলে বিজ্ঞপ্তিকে ‘ন্যক্কারজনক’ বললেন সেই প্রাধ্যক্ষ, ছাত্রলীগ জানাল নিন্দা

জীবিত ব্যক্তিকে ‘মৃত’ উল্লেখ করে বিজ্ঞপ্তির নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে হল ছাত্রলীগ।

‘মৃত’ বলে বিজ্ঞপ্তিকে ‘ন্যক্কারজনক’ বললেন সেই প্রাধ্যক্ষ, ছাত্রলীগ জানাল নিন্দা

এমন পোস্টার সাঁটানো হয় সূর্য সেন হলের দেয়ালে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 12:06 AM

Updated : 20 Oct 2022, 12:47 AM

হলের ফটকে নিজের মৃত্যুর ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশকে ‘ন্যক্কারজনক’ বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া।

এদিকে এই ধরনের বিজ্ঞপ্তির নিন্দা জানিয়ে এতে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হল ছাত্রলীগ।

মঙ্গলবার রাত থেকে সূর্যসেন হলের বিভিন্ন দেয়ালে ‘শোক সংবাদ’র পোস্টার দেখা যায়। ছবিসহ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত সেই পোস্টারে লেখা ছিল- প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন ‘ইন্তেকাল করেছেন’।

হলের ক্যান্টিন বন্ধ, ডাইনিংয়ে রান্নার জন্য গ্যাস সঙ্কট ও পানির ফিল্টার নষ্টসহ নানা সমস্যার কথা প্রাধ্যক্ষকে বলার পরও কোনো প্রতিকার না পেয়ে তার উপর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা এ কাজ করেছে বলে হলের বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা যায়।

এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর অধ্যাপক মোহাম্মদ মকবুল ভূঁইয়া ‘নিখোঁজ’ উল্লেখ করে হলের বিভিন্ন স্থানে একই রকম বিজ্ঞপ্তি সাঁটিয়ে দেওয়া হয়েছিল।

অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জীবিত কাউকে এভাবে মৃত ঘোষণা করা শিক্ষার্থীদের কাছে কোনোভাবে কাম্য নয়। যারাই এটা করেছে, এটা একটা ন্যক্কারজনক কাজ করেছে।”

হলের সমস্যা সমাধানে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, “ক্যান্টিন বন্ধ আছে। কারণ আগে যারা ক্যান্টিন চালাত, তাদের অদক্ষতার কারণে তারা চলে গেছে। কয়েক দিনের মধ্যে ক্যান্টিন চালু হবে, আমরা নতুন করে আরেকজনের সঙ্গে চুক্তি করেছি। শিক্ষার্থীদের সব সমস্যাই সমাধানের চেষ্টা চলছে।”

Image

সংবাদ সম্মেলনে সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

এদিকে বুধবার হল ছাত্রলীগ নেতারা সংবাদ সম্মেলন করে প্রাধ্যক্ষ মকবুল হোসেন ভূঁইয়ার মৃত্যুর সংবাদ সংবলিত পোস্টার সাঁটানোর নিন্দা ও প্রতিবাদ জানান।  

সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রলীগেরও কেউ ঘটনার সঙ্গে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে হল ছাত্রলীগের সভাপতি মো. মারিয়াম জাহান খান এবং সাধারণ সম্পাদক সিয়াম রহমান বক্তব্য দেন।

মারিয়াম বলেন, “রাতের আঁধারে পোস্টার সাঁটিয়ে একজন হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে গুজব ছড়ানো বিশ্ববিদ্যালয়ের কোনো সচেতন শিক্ষার্থীর প্রতিবাদের ভাষা হতে পারে না।”

এই ঘটনায় হলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “কুচক্রী একটি মহল দীর্ঘদিন থেকে হল প্রশাসনকে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত।

“মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ মনে করে গুটিকয়েক স্বার্থান্বেষী শিক্ষার্থী ও কতিপয় বহিরাগত এইরূপ ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের সাথে জড়িত।”