২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অচিরেই’ মধুর ক্যান্টিনে যাওয়ার ঘোষণা দিল ছাত্রদল

ছাত্রদলের দাবি, ছাত্রলীগ এখন শিক্ষাঙ্গণে ‘আতঙ্কের প্রতিশব্দ’ হয়ে উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2023, 07:25 PM

Updated : 17 Feb 2023, 07:24 PM

শিক্ষার্থীদের ওপর ‘নির্যাতন, ভিন্ন মত দমন, ছিনতাই, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহারসহ বিভিন্ন অপকর্মের’ মাধ্যমে দেশজুড়ে ছাত্রলীগ ‘আতঙ্কের প্রতিশব্দে’ পরিণত হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। 

শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। 

ক্যাম্পাসে শিক্ষার ‘সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে’ অচিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসের মধুর ক্যান্টিন থেকে ‘স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম’ শুরু করে ছাত্রলীগের প্রতিটি ‘অপকর্মের দাঁতভাঙ্গা জবাব’ দেবে বলেও হুঁশিয়ার করা হয় সেখানে। 

বিবৃতিতে বলা হয়, “হত্যাযজ্ঞ, ক্যাম্পাস প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, ছাত্রী নিপীড়ন, দেহব্যবসার অভিযোগ, বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর আক্রমণ, সাংবাদিকদের নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহারসহ বিভিন্ন অপকর্মের কারণে দেশজুড়ে ছাত্রলীগ আজ এক আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে।

“গত কয়েক দিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ক্যাডারেরা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী ও নৃশংস সংঘর্ষের মাধ্যমে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহতভাবে নস্যাৎ করেছে।” 

দেশজুড়ে ছাত্রলীগের চলমান ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, “আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসগুলো ছাত্রলীগের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নির্বিঘ্নে নিজেদের অপকর্ম করে যাওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের বিষয়ে বিরোধীমতের ছাত্রসংগঠনগুলো যাতে প্রতিবাদ করতে না পারে, সেকারণেই পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব ক্যাম্পাসে ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে রাখার অপচেষ্টা করা হচ্ছে। 

“কিন্তু যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের রুখে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।”