২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’

‘ফিলিস্তিনিদের প্রতি সংহতি দিবস’ উপলক্ষে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’
ফিলিস্তিনের পতাকা নিয়ে শুক্রবার মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2024, 10:15 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

শুক্রবার ফিলিস্তিনের বিশাল পতাকা নিয়ে রাজু ভাস্কর্য থেকে তারা মিছিল বের করেন। এরপর ভিসি চত্বর, ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে ফের তারা রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করেন।

‘ফিলিস্তিনিদের প্রতি সংহতি দিবস’ উপলক্ষে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনের জনগণের মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, “ইসরায়েল তার সমস্ত শক্তি দিয়ে নিরীহ মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে। ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার তারা কেড়ে নিয়েছে। এই যুদ্ধ স্বাধীনতার যুদ্ধ। তাদের এই সংগ্রাম অস্তিত্বের সংগ্রাম।”

তিনি বলেন, “আমরা যখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াই, তখন ফিলিস্তিনের জনতার স্পিরিট আমাদের মধ্যে প্রতিফলিত হয়। তাই আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।”

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. হাসিবুর নামে এক শিক্ষার্থী বলেন, “বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ তো নিচ্ছেই না, উপরন্তু তারা কোনো সমবেদনাও দেখাচ্ছে না।

“এই অত্যাচার নিরসনে আমরা ফিলিস্তিনি নিপীড়িত নাগরিকদের সঙ্গে সংহতি জানাচ্ছি, যাতে দ্রুত অবর্ণনীয় নির্যাতন বন্ধ হয়, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়।”

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান, রিফাত রশিদ ও মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।