২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল চিকিৎসকদের সংঘর্ষ, উত্তেজনা

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।

ঢাবি শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল চিকিৎসকদের সংঘর্ষ, উত্তেজনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থীর সাথে চিকিৎসকদের সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে শিক্ষার্থীদের অবস্থান। ভেতরে থেকে পাল্টা স্নোগান দেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 08:18 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থীর সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেছেন।

সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মোহাম্মদ ইমন।

আহতদের মধ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাহাদী হাসান সানিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মোর্তজা মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। 

এ ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বৈঠকে বসেছেন। ঢাকা মেডিকেলে তাদের মধ্যে এ বৈঠক চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইমন বলেন, “সানিমের আজকে পরীক্ষা ছিল। সে পরীক্ষা দিয়ে এসে কিছুটা অসুস্থ বোধ করছিল। তাই, ঢাকা মেডিকেলে চিকিৎসা আসেন।”

এ শিক্ষার্থী বলেন, ডাক্তার দেখানোর পর ব্যবস্থাপত্র নিয়ে সানিম ওষুধ কিনতে যান। কিন্তু মেডিকেলের বাইরে কয়েকটি দোকান ঘুরে ওষুধ না পেয়ে আবার ডাক্তারের কাছে আসেন এবং অন্য ব্র্যান্ডের ওষুধ লিখে দিতে বলেন। 

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অন্য চিকিৎসকরা এসে তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ইমন নামের ওই শিক্ষার্থী।

তিনি অভিযোগ করে বলেন, “এরপর আমরা কয়েকজন তার হামলার খবর পেয়ে কথা বলতে আসলে আমাদের ওপর ডাক্তাররা ও আনসাররা হামলা করেন।”

তবে ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী নোমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এসে আমাদের ডাক্তারদের উপর হামলা করে। আমাদের কয়েকজন ডাক্তারের জামা ছিড়ে ফেলছে তারা।”

সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নেন।

অন্যদিকে জরুরি বিভাগের গেইটের ভেতরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাল্টা ‘বিচার, বিচার, বিচার চাই, তোফাজ্জল হত্যার বিচার চাই’ স্লোগান দিচ্ছেন।

প্রায় দেড় বছর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। 

সে ঘটনা সামনে এনে ওই স্লোগান দিচ্ছেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।