Published : 10 Jun 2026, 07:32 PM
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবচেয়ে ক্রান্তিকালে নিজের ও পরিবারের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
জিয়াউর রহমানকে বাংলাদেশের মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব নয় জানিয়ে উপাচার্য বলেন, “বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ আছেন কিন্তু দেশে একটি মাত্র পরিবার আছে এবং তাদের নেতৃত্বে একটি দল আছে যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
“বেগম খালেদা জিয়া দেশের জন্য আন্দোলন করেছেন, স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। পাশাপাশি জুলাই আন্দোলনে তার সন্তান তারেক রহমানের যে সাহসী ভূমিকা ছিল, সে কারণে অনেক রাজনৈতিক দলের নেতারা তাকে এই আন্দোলনের মূল কারিগর হিসেবে অভিহিত করেন।”
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে খায়রুল ইসলাম বলেন, “গত ২০ বছর ধরে আমরা তার প্রকৃত নেতৃত্ব ও অবদান প্রচার করতে পারিনি।
“আমরা এখন তা নতুন প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরতে চাই।”
উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক বক্তব্য দেন।
এ সময় ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. জসিম উদ্দিন, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, আইকিউএসির পরিচালক অধ্যাপক সালমা আখতার, সাস্ট রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মুরাদ এবং পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার, খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তাসনিম তাবাসসুম হৃদি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সায়েদ ফেরদৌস সৈকত বক্তব্য দেন।