১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ আর ইংল্যান্ডকে টপকে যাওয়ার অপেক্ষা

সিরিজের শেষ ম্যাচটি জিততে পারলে জোড়া অর্জন অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেটের জন্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 09:48 AM

Updated : 11 Sep 2026, 03:24 PM

‘ব্যবধান ৩-০ হোক বা ২-১, দিনশেষে সিরিজটা হেরে গেছি,’ শেষ ম্যাচের আগের দিন বলছিলেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের সেই হাহাকারেই মিশে আছে বাংলাদেশের প্রাপ্তি। শেষ ম্যাচের আগেই সিরিজের ফয়সালা করে ফেলেছে তারা। তবে প্রাপ্তির হাতছানির শেষ নয় এখানেই। অর্জনের আছে আরও দারুণ কিছু। বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার সুযোগ তো নিত্য আসে না!

স্মরণীয় সেই সাফল্যের সামনেই দাঁড়িয়ে বাংলাদেশ। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০তে হারাতে পারলে আরও একটি উপঢৌকন অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেটের। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে মেহেদী হাসান মিরাজের দল উঠে যাবে আটে। 

আগেই সিরিজ জিতে গেলেও তাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার শেষ ম্যাচটির গুরুত্ব কম নেই মোটেও।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর দলকে দুই ম্যাচে হারিয়ে পয়েন্ট এখন ৮৮। আটে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৯।

সৌম্য সরকার অবশ্য মনে করেন, সিরিজ জিততে পারাই বিশাল এক সাফল্য। সেটির উদযাপন যতটা হয়েছে, তাতে মন ভরেনি বলেই জানালেন তিনি শেষ ম্যাচে। 

“আমরা যে সিরিজটা জিতেছি, এটা আমাদের সবার অনেক বড় করে উদযাপন করা উচিত ছিল, কারণ এটা অনেক বড় একটা অর্জন। আমরা কত দূর করেছি, জানি না। কিন্তু করা উচিত ছিল।”

তবে জাঁকালো উদযাপনের সুযোগ শেষ হয়ে যায়নি। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেই মনের খোরাক মেটাতে চান তারা। 

“অবশ্যই অনেক বড় হবে। প্রথমে যেটা বললাম, আমরা যখন সিরিজ জিতেছি, এটাই অনেক বড় একটা অর্জন। এটাই আগে আমাদের অনেক বড়ভাবে উদযাপন করা উচিত ছিল। আমরা যদি ৩-০তে জিততে পারি, এটা আরও অনেক বড় একটা অর্জন হবে আমাদের জন্য। আমাদের সবার লক্ষ্যও থাকবে সেটা। ইতিবাচক ক্রিকেট খেলব।”

তিন নম্বরে থেকে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়া দুই ম্যাচে হেরে নেমে গেছে চারে। শেষ ম্যাচেও হেরে গেলে তারা নেমে যা পাঁচে। প্রথমবার বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর বিব্রতকর স্বাদ এড়ানোর পাশাপাশি তাই র‌্যাঙ্কিংয়ে অবনমন ঠেকানোর তাগিদও থাকবে তাদের।