১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৫১ শিক্ষার্থীকে অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিল সিআইইউ

চার অনুষদের শিক্ষার্থীদের পাঁচটি ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 06:50 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

অ্যাকাডেমিক কাজে উৎকর্ষতার জন্য ১৫১ শিক্ষার্থীকে ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিয়েছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি।

চট্টগ্রামের জামালখানে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে তাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

শুক্রবার সিআইইউয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, চারটি অনুষদের গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েটসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের পাঁচটি ক্যাটাগরিতে দেওয়া হয় এ সম্মাননা।

এবারের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ভাইস চ্যান্সেলর অনার লিস্ট প্রাপ্ত ৫ জন, ভাইস চ্যান্সেলর লিস্ট প্রাপ্ত ১৩ জন, ডিন’স অনার লিস্ট প্রাপ্ত ২৩ জন, ডিন’স মেরিট লিস্ট প্রাপ্ত ২৫ জন ও ডিন’স লিস্ট প্রাপ্ত ৮৫ জন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসারের সভাপতিত্বে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য এম আইয়ুব ইসলাম।

অনুষ্ঠানে তিনি বলেন, “অ্যাকাডেমিক উৎকর্ষতা কেবল ভালো ফলের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শৃঙ্খলা, অধ্যবসায়, সততা ও সৃজনশীলতার সমন্বিত প্রতিফলন। আজ যারা সম্মাননা অর্জন করেছে, তারা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আহ্বায়ক ড. রুবেল সেন গুপ্ত, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক আসিফ ইকবাল, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক খালেদ বিন চৌধুরী এবং আইন অনুষদের ভারপ্রাপ্ত সহকারী ডিন রামিসা জাহান বক্তব্য দেন।