২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরতি-পুষ্পাঞ্জলিতে ঢাবিতে ৭৪ মণ্ডপে বিদ্যাদেবীর আরাধনা

দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পূজা উদযাপনে কোন ‘বিঘ্ন নেই’ বলে পূজা উদযাপনে সক্রিয় সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী ডেভিড গাইন জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে আরাধনা করছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। 

জগন্নাথ হলের খেলার মাঠের চারিদিক দিয়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৭৪টি মণ্ডপে সরস্বতী দেবীর  পূজার আয়োজন করা হয়েছে এবারে। মণ্ডপের বেশির ভাগই বিভিন্ন বিভাগ এবং সমাজের বিভিন্ন দৃষ্টিকোণের 'থিমের' আদলে গড়া হয়েছে।

প্রতিটি মণ্ডপেই শিক্ষার্থী-শিক্ষক এবং দর্শনার্থীদের ভিড় দেখা গেছে সকাল থেকে। 

সোমবার সকালে বাণী বন্দনা এবং পুষ্পাঞ্জলি দিয়ে বসন্ত পঞ্চমী তিথির মধ্যে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, যা শেষ হয় সকাল ১০টা ৪৭ মিনিটে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক দেবাশীষ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জগন্নাথ হলের পক্ষ থেকে ১টি, বিভাগ ও ইনস্টিটিউশনগুলোর পক্ষ থেকে ৭২টি এবং জগন্নাথ হলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যুবাদের সংগঠনের পক্ষ থেকে ১টি মণ্ডপের আয়োজন করা হয়েছে।”

শান্তিপূর্ণ পরিবেশে সবার সহযোহিতায় পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক দেবাশীষ পাল।

দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পূজা উদযাপনে কোনো ‘বিঘ্ন নেই’ বলে পূজা উদযাপনে সক্রিয় সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থী ডেভিড গাইন জানিয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কাছ থেকেই আমরা সহযোগিতা পাচ্ছি। সকল ধর্ম-বর্ণের শিক্ষার্থীরা পূজা উদযাপনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।"

ঐতিহ্যবাহী এই পূজা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঐতিহ্যগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এ পূজার মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।

অন্য বছরের মত এবারও এ হলের পুকুরের মাঝে বসানোর জন্য দৃষ্টিনন্দন প্রতিমা তৈরি করেছে চারুকলা অনুষদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২৭তম ব্যাচের শিক্ষার্থী মানসী চৌধুরী জানিয়েছেন এবার মূল প্রতিমাটি পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মানসী বলেন, "এবারে দেবী সরস্বতীর প্রতিমাতে বাঁশ এবং শীতল পার্টির ব্যবহার রয়েছে। অধিকাংশ অঙ্গই এসব দ্বারা বানানো হয়েছে। বীণার পুরো অংশটি বাঁশ দিয়ে নির্মিত হয়েছে। তবে হাতগুলো নির্মাণ করতে ককশিটের ব্যবহার করতে হয়েছে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যানেজম্যান্ট বিভাগের মূল পড়ার বিষয়গুলো সরস্বতী মায়ের পূজার মন্ডপে উপরের দিকে লেখা হয়েছে। নিচেরদিকে সংগীতের যন্ত্র ও ভাষা লিখে সৌন্দর্য বর্ধন করা হয়েছে এবং পুরো মন্ডপেই বিভিন্ন প্রতিমা রাখা হয়েছে।"

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মানিক চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " প্রতিবছরই অন্যান্য বিভাগের মত আমাদের বিভাগ থেকেও পূজার আয়োজন করা হয়। শুধু কোভিড মহামারীর সময়ে শুধু কেন্দ্রীয় পূজা আয়োজিত হয়েছিল। এবার আমাদের বিভাগের অনুজ শিক্ষার্থীরা পূজার আয়োজন করেছে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পূজায় পুরোহিত হিসেবে ছিলেন বিভাগেরই শিক্ষার্থী অনুষ্কা বন্দ্যোপাধ্যায়।

এ বিভাগের আরেক শিক্ষার্থী বাঁধন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বছর আমাদের বিভাগের পক্ষ থেকে এমন একটি থিম ধরা হয়েছে যা মানুষকে ভাবাবে সাংস্কৃতিক বৈচিত্র্যতা বাংলাদেশে আছে কি না? 

"আদিবাসীদের উপর যে নিপীড়ন হয় সেটা আমরা ফুটিয়ে তুলেছি। মণ্ডপে দেখা যাচ্ছে একটি ধনেশ পাখি, মাদল ও একটি মাটির কলস কলস এগুলোকে ফাঁসি দে‌ওয়া হয়েছে। এবং কিছু কিউআর কোড দেয়া হয়েছে যা স্ক্যান করলে দেখা যাচ্ছে আদিবাসীদের উপর নিপীড়নের সংবাদ।"

জগন্নাথ হলের পূজা দেখতে আসা রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী অরুণ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি গত দুবছর ধরে এখানে আসি। এখানে এক একটি বিভাগ একেক রকম করে মন্ডপ সাজায়। একেক রকম প্রতিমা আনে। বন্ধুদের সাথে প্রতিবছরই আসা হয়।"

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবানের জ্ঞান ও বিদ্যার রূপ হলেন দেবী সরস্বতী। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর পূজা হয়। হাতে বীণা থাকে বলে সরস্বতীকে বীণাপাণিও বলা হয়।

সাদা রাজহাঁস এ দেবীর বাহন। ঐতিহ্য অনুযায়ী এদিন সনাতন ধর্মাবলম্বীরা পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে বিদ্যাদেবীর মন্দিরে সন্তানদের প্রথম বিদ্যার পাঠের হাতেখড়ির আয়োজন করেন।

এবার জগন্নাথ হলের উপাসনালয়ে দুদিনব্যাপী এ আয়োজনে থাকছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং রক্তদান কর্মসূচি।

এছাড়াও হলের ভেতরে দর্শনার্থী শিশু-কিশোরদের চিত্তবিনোদন উপযোগী বেশ কিছু রাইড, খেলনা ও খাবার দোকানের ব্যবস্থাও রাখা হয়েছে এবারের পূজায়।