২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষার্থীদের নিয়ে বিএনপি নেতা ফজলুর ‘অবমাননাকর’ মন্তব্যে ডাকসুর নিন্দা

চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এমন ‘ঘৃণ্য মনোভাবের’ বহিঃপ্রকাশ জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীত, বলেন জিএস ফরহাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 10:47 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বিভিন্ন যেসব মন্তব্য করেছেন তাকে ‘অবমাননাকর’ আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডাকসু।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর তরফে নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ এক বিজ্ঞপ্তিতে বলেছেন, এই মন্তব্যের মধ্য দিয়ে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তার ‘চরম বিদ্বেষ’ এবং ‘সামাজিক বিভাজনের বর্ণবাদী’ মনোভাব প্রকাশ করেছেন। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এমন ‘ঘৃণ্য মনোভাবের’ বহিঃপ্রকাশ জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ ইত্যাদি ‘ঘৃণিত’ বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। একই সঙ্গে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হাটহাজারী মাদরাসায় ‘রূপান্তরিত’ হয়েছে বলে মন্তব্য করেছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়কে অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার হিসেবে তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে একটি মাল্টি-কালচারাল প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ পার করেছে। 

“এমন প্রেক্ষাপটে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে প্রকাশিত ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের অবমাননা।

“ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দৃঢ়ভাবে জানাচ্ছে—এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” ফজলুর রহমানের এই বক্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয়’ আখ্যায়িত করেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য থেকে তাকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।