‘বাস কমিটির’ দৌরাত্ম্যে হয়রানিতে জগন্নাথের শিক্ষার্থীরা
কর্তৃপক্ষের অনুমোদন কিংবা বৈধতা ছাড়াই গঠিত কমিটির দৌরাত্ম্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
প্রতিটি বাসে এসব ‘কমিটির’ সদস্যরা নিজেদের জন্য বেশ কয়েকটি সিট বরাদ্দ রেখেছেন, যেখানে অন্য কাউকে বসতে দেওয়া হয় না।
কমিটির এসব সদস্যদের বিরুদ্ধে সিট থেকে তুলে দেওয়ার পাশাপাশি মারামারিতে জড়িয়ে পড়া এবং অশোভন আচরণের অভিযোগও রয়েছে শিক্ষার্থীদের। অভিযোগ রয়েছে, তাদের ইচ্ছামতো বাস ছাড়তে দেরি করারও।
এসব কমিটির কোনো বৈধতা নেই বলে জানিয়েছেন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ।
তাহলে কিভাবে গঠিত হয় এসব কমিটি?
জানতে চাইলে ‘চন্দ্রমুখী’ বাস কমিটির সভাপতি অনীক দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথাগতভাবে বড় ভাইরা অথবা রাজনৈতিকভাবে কমিটি গঠন করা হয়।”
অনুসন্ধানে দেখা যায়, ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাই হন এসব কমিটির সদস্য। এর ধারাবাহিকতায় বর্তমান কমিটিগুলোতে রয়েছেন ছাত্রলীগ সমর্থকরা।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতল বাসগুলোতে উঠলে দেখা যায়, প্রতিটির নিচতলায় ১০-১৪টি আসন কমিটির জন্য সংরক্ষিত বলে লেখা রয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বিজু রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস কমিটির জন্য বরাদ্দ আসনে সিনিয়র কেউ বসলেও তাদের তুলে দেওয়া হয়, অশোভন আচরণ করা হয়।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েরা কিংবা সিনিয়র কেউ দাঁড়িয়ে থাকলেও তাদের বসতে দেওয়া হয় না।
“বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে বাসের সংখ্যা এমনিতেই কম। সেখানে বাস কমিটির নামে কয়েকজন জুনিয়র ছেলে এতগুলো সিট দখল করে রাখলে বাকি হাজার হাজার শিক্ষার্থীর জন্য কয়টি সিট আর থাকে?”
শিক্ষার্থীদের অভিযোগ, ‘সংরক্ষিত’ এসব সিটে কেউ বসলে উঠিয়ে দেওয়া হয়, প্রতিবাদ করলে মারধরও করা হয়। ফলে দীর্ঘদিন ধরে এই দৌরাত্ম্য মেনে নিতে হচ্ছে তাদের।
নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটির ছেলেরা মেয়েদের সিটও দখল করে রাখে। বাসের মধ্যেই ধূমপান করে, আবার বাসের গেইটেও এমনভাবে দাঁড়িয়ে থাকে যে উঠা-নামার সময় আমাদের বিব্রত হতে হয়।”
কমিটির নেতাদের জন্য অনেক সময় সকালে নির্ধারিত সময়ের ১০-২০ মিনিট পর বাস ছাড়া হয় বলেও শিক্ষার্থীদের অভিযোগ।
এসব অভিযোগ অস্বীকার করে ‘চন্দ্রমুখী’ বাস কমিটির সভাপতি অনীক দাস বলেন, “আমাদের বাসে ১০টি আসন কমিটির জন্য বরাদ্দ থাকলেও তিনটি আসন আমরা মেয়েদের জন্য ছেড়ে দেই। এছাড়া কেউ অসুস্থ থাকলে বা কারও সমস্যা থাকলে তাদের আমরা বসতে দেই।”
‘স্বপ্নীল’ বাস কমিটির সভাপতি এলাচী আক্তার প্রিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটির সদস্যদের জন্য জন্য আসন বরাদ্দ নিয়ে কোনো অভিযোগ তিনি কখনও পাননি।
পথচারী এবং বিভিন্ন গণপরিবহনের চালকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ পাওয়া যায় এসব কমিটির কথিত নেতাদের বিরুদ্ধে।
গত ৭ জুন রাজধানীর আজিমপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্জয় বাসের কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে একটি পাবলিক বাসের চালতের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারিও বাঁধে। পরে ওই বাসের যাত্রীদের চাপের মুখে কমিটির এসব সদস্যরা ক্ষমা চাইতে বাধ্য হয়।
এই ধরনের ঘটনা হরহামেশাই ঘটছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়মিতভাবে ব্যবহারকারী এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফয়জুর রহমান বলেন, “কমিটি যদি থেকেই থাকে তাহলে তাদের উচিত বাসের শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু এখানে ঘটছে উল্টো। এটা একটা ফালতু সিস্টেম ছাড়া আর কিছুই না।”
স্বপ্নীল বাস কমিটির সভাপতি প্রিয়ার দাবি, এসব কমিটি করার পর অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়।
তবে উপাচার্য হিসাবে নিজের দুই বছর সময়ে এ ধরনের কোনো কমিটি অনুমোদনের কথা নাকচ করেছেন ড. মীজানুর রহমান।
পরিবহন পুলের প্রশাসক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ বলেন, “শিক্ষার্থীরা নিজেরাই এ ধরনের কমিটি গঠন করে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসককে বলব, যাতে এসব অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেয়। আর শিক্ষার্থীরা অভিযোগ করলে আমরা এসব কমিটি ভেঙে দেব।”
