২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির সমাবর্তন মঙ্গলবার, সনদ পাবে ৬১০৪ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন অনুষ্ঠিত হবে মঙ্গলবার, যাতে ছয় হাজার ১০৪ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 12:04 AM

Updated : 25 Apr 2022, 12:53 PM

সর্মাবতনের মহড়া আগের দিন বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এবারের সমাবর্তনে বক্তা থাকবেন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মহাপরিচালক অধ্যাপক ফ্রান্সিস গারি। তাকে বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে।

অস্ট্রেলীয় এই আইনজীবী দীর্ঘকাল ধরে অনুন্নত দেশসমূহের প্রযুক্তিগত উন্নয়নে কাজ করছেন বলে জানান তিনি।

রেওয়াজমাফিক সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

উপাচার্য বলেন, এবারের সমাবর্তনে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ হাজার ১০৪ জনকে ডিগ্রি দেওয়া হবে, যাদের মধ্যে ছাত্রী দুই হাজার ৩৬৭ ও ছাত্র দুই হাজার ৭৩৭ জন।

সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুদের কস্টিউম পরে সমাবর্তন মহড়া ও মূল অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, প্রক্টর আমজাদ আলী ও জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নূর-ই ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।