২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে তিনদিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু 

নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আাজিম আরিফ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 06:10 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

শনিবার চবি বুদ্ধিজীবী চত্বরে ‘মুক্তিযোদ্ধার সন্তান’ ব্যানারে বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক তিনদিনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

চবি উপাচার্য বলেন, “নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি এই প্রদর্শনীর মাধ্যমে তাদের ’৭১ এর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং পাকিস্তানি হায়েনাদের নির্মম হত্যাযজ্ঞের দুর্লভ চিত্র দেখার সুযোগ ঘটবে।”

প্রদর্শনীর দলিল সংগ্রাহক ও সম্পাদক সাহাব উদ্দিন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “সবার কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ইচ্ছা থেকে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবিগুলো সংগ্রহ করি। এ পর্যন্ত ১৭৫০ টি ছবি সংগ্রহ করেছি যার মধ্য থেকে ৪৪০ টি ছবি এখানে প্রদর্শন করা হচ্ছে।”

প্রদর্শনীর উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক রাসেল বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সবার কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতেই মুক্তিযোদ্ধার সন্তানরা এ প্রদর্শনীর আয়োজন করেছি।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক শংকর লাল সাহা, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মনজুরুল আলম প্রমুখ।

শনিবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত।