চবিতে উদীচীর সম্মেলন
উদীচী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ‘কণ্ঠ আমার বিশ্ব প্রাণে, বাংলা জাগুক নতুন গানে’ স্লোগানে এ সম্মেলন শুরু হয়।
বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আশরাফুজ্জামান সেলিম।
উদীচী সভাপতি ও বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও বাংলা বিভাগের অধ্যাপক ড. লায়লা জামান, ইউসুফ মোহাম্মদ, রহমান মুফিজ, রিপন আচার্য, বোরহান মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাশ্চাত্য অপসংস্কৃতির প্রভাবে দেশীয় সংস্কৃতিতে অবক্ষয় শুরু হয়েছে। এ অবক্ষয় থেকে জাতিকে রক্ষার জন্য সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যেতে হবে।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনের পর একটি শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। আলোচনা শেষে গণসংগীত, নাচ, আবৃত্তি পরিবেশের মাধ্যমে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদীচীর সদস্যরা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, অঙ্গন, সহজিয়া অংশ নেয়।
শুক্রবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
