ছাত্রীদের আন্দোলনে জাবি কর্তৃপক্ষের নতি স্বীকার
ছাত্রীদের আন্দোলনের মুখে হলে ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ থেকে পিছু হটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কড়াকড়ি আরোপের পর বুধবার রাতে ছাত্রী হলগুলোতে বিক্ষোভ শুরু হলে বৃহস্পতিবার প্রশাসন ছাত্রী প্রতিনিধি এবং ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনার পর নমনীয় অবস্থানের কথা জানায়।
বৈঠকের পর উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের তো বড় কোনো দাবি ছিল না। আমরা সব দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে তাদের আশ্বস্ত করেছি।
“শুধু হলে রুমে গিয়ে হাজিরা নেওয়ার ব্যাপারে আমরা বলেছি- হলের সব ছাত্রীদের সঙ্গে কথা বলে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।”
যৌক্তিক কারণে রাতে ছাত্রীরা দেরিতে হলে ফিরলে প্রক্টরিয়াল টিম বা হল কর্তৃপক্ষ কোনো ধরনের হয়রানি করবে না বলে আশ্বস্ত উপউপাচার্য।
রাত ১০টার পর ছাত্রীদের হলে ঢোকা বন্ধ, উপস্থিত না থাকলে সিট বাতিল করার সিদ্ধান্ত হল প্রাধ্যক্ষরা হলের নোটিস বোর্ডে টানিয়ে দিলে বুধবার রাতে ছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে।
ছাত্র হলগুলোতে এই ধরনের কড়াকড়ি না থাকলেও ছাত্রী হলগুলোর ক্ষেত্রে এই সিদ্ধান্তে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলে ছাত্রীরা। ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস রাত ১০টার পর ক্যাম্পাসে ঢোকার বিষয়টিও তুলে ধরা হয়।
হলের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভের পর ছাত্রীরা বৃহস্পতিবার ১২টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনকে সময় বেঁধে দেয়, যে প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
ছাত্রীদের দাবির মধ্যে ছিল- রাত ১০টার পরে হলে ঢোকার ক্ষেত্রে ‘অযৌক্তিক হয়রানি’ বন্ধ করা, হলে উপস্থিতি না থাকলে বরাদ্দ বাতিল ও পরীক্ষার ফর্মে স্বাক্ষর না করাসহ যে কোনো ধরনের ব্যবস্থা বন্ধ করা এবং হলে লাইনে দাঁড়িয়ে হাজিরা নেওয়ার বদলে ছাত্রীদের কক্ষে গিয়ে হাজিরা নেওয়া।
এছাড়া হলে যাদের সিট বাতিল করা হয়েছে অবিলম্বে তা ফিরিয়ে দেওয়া, বিভিন্ন প্রয়োজনে এক হলের ছাত্রীদের অন্য হলে প্রবেশ ও ছাত্রীদের সঙ্গে আসা অতিথিদের হলে প্রবেশের ক্ষেত্রে ‘বাড়াবাড়ি’ না করাও তাদের দাবির মধ্যে ছিল।
প্রশাসনের সঙ্গে বৈঠকের পর প্রগতিশীল ছাত্রজোটের নেতা তন্ময় ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলে রুমে রুমে গিয়ে অ্যাটেন্ডেন্স নেওয়ার ব্যাপারে হলের সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া অন্যসব দবি মেনে নেওয়ার ব্যাপারে তারা আমাদের মৌখিকভাবে আশ্বস্ত করেছে।”
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ও শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী মালিহা মোস্তফা সুচনা বলেন, “শিক্ষকরা আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এখন দেখা যাক কত দ্রুত এবং কতটুকু বাস্তবায়ন হচ্ছে।”
প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলে ছাত্রীদের উপস্থিতির কারণে কারও সিট বাতিল করা হবে না। এক হলের মেয়েদের অন্য হলে যাওয়ার প্রয়োজন থাকলে তাদের যেতে বাধা দেওয়া হবে না। তবে হল কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করতে হবে।”
বামপন্থি সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের নেতা, বিভিন্ন ছাত্রী হলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার সঙ্গে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক শাহেদুর রশিদ উপস্থিত ছিলেন।
