২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ মিছিল-সমাবেশে জাবিতে ‘কালো দিবস’ পালন  

সাংস্কৃতিক সংগঠনের দপ্তরে আগুন দেয়ার ঘটনা স্মরণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশের মধ্য দিয়ে ‘কালো দিবস’ পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2014, 11:15 PM

Updated : 22 Aug 2022, 07:58 PM

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে পরিবহন চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

২০১০ সালে ২৭ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র কক্ষে আগুন দেয়ার ঘটনায় প্রতিবছর এই দিনে ‘কালো দিবস’ পালন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীরা।  

এর পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকদের সামনেই মুক্তমঞ্চে নাটক চলাকালে হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনার বিচার দাবিতে পরবর্তী কয়েকমাস আন্দোলনও চলে।

'কালো দিবস' পালনের মিছিলে সাংস্কৃতিক জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো ছাড়াও বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে ধ্বনি কর্মী মজনু আলম বলেন,“এই ঘটনায় আমরা মূল্যবান সব জিনিসসহ আমাদের ১৪ বছরের সব ডকুমেন্ট হারিয়েছিলাম। কিন্তু প্রশাসন ওই হমলার ঘটনায় তদন্তের নামে প্রহসন করে আমাদের নামমাত্র ক্ষতিপূরণ দিয়েছে।”

সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মাহী মাহফুজ বলেন, “প্রশাসনের প্রত্যক্ষ মদদে তখন মুক্তমঞ্চে হামলা ও ধ্বনির কক্ষে আগুন দেয়া হয়েছিল। প্রশাসন এখনো পর্যন্ত এ ঘটনার কোন সুষ্ঠু তদন্ত করেনি।”

সংস্কৃতি কর্মী শাকিলা শারমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাংস্কৃতিক রাজধানীখ্যাত এ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোকে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর প্রশাসন ও মৌলবাদী শক্তির আগ্রাসনের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ।

“বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনের নীরব ভূমিকার কারণে ছাত্র-শিক্ষক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে।”

জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক সুদীপায়নের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মাহী মাহফুজ, সাংস্কৃতিক কর্মী শাকিলা শারমিন, মজনু আলম, রেজাউল করিম রাজু, দিলশাদ, শাওন করি, রাকেশ শাহা, তপু, রুবেল প্রমুখ।