‘দ্বিতীয় সুযোগ’ চেয়ে অনশনে শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে ‘আমরণ অনশন’ শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে জাতীয় সংগীত গেয়ে এ অনশন কর্মসূচি শুরু করেছে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।
অনশন শুরুর পর আন্দোলনরত এক ছাত্রী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। এখানে স্লোগান, গান, কবিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে ১২টার দিকে মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন শিক্ষার্থীরা।
তবে মিছিলটি কার্জন হলের সামনে দোয়েল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে বিক্ষোভ শুরু করলে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে বঙ্গভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
বেলা পৌনে ১টার দিকে বঙ্গভবনের দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা মো. সেন্টু রহমান স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধের ফলে সাতটি সমস্যার কথা উল্লেখ করা হয়।
ওই প্রতিনিধি দলে ছিলেন- মো. সালমান খান, রিয়াজুল ইসলাম, টিপু সুলতান, জনি হাসান ও ফারজানা আক্তার।
স্মারকলিপিতে বলা হয়, কোনো পূর্ব ঘোষণা ছাড়া এ সিদ্ধান্তের ফলে দেশের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সিদ্ধান্তের ফলে সাধারণ শিক্ষার্থীরা বেসরকরি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক ব্যবস্থার কবলে পড়তে বাধ্য হবে।
বিশ্ববিদ্যালয়ে অভিভাবক হিসেবে আচার্যকে এই সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করা হয় স্মারকলিপিতে।
