জাবির বহিষ্কৃত শিক্ষার্থীদের সাড়ে ৯ লাখ টাকা জরিমানা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুপক্ষের মধ্যে হামলার ঘটনায় ২৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারসহ সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ।
“হামলার ঘটনায় মোট ২৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এবং এদের সবাইকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।”
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০ আগস্ট ভোরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাহমুদুর রহমানের অনুসারী ও মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ এর অনুসারীদের হামলায় একই হলের সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদের অনুসারি শাকিল আহমেদের পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ আগস্ট ১৬ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আক্তারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
দুই মাস পর তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার সিন্ডিকেট সভায় ২৩ জনকে বহিষ্কার ও অর্থদণ্ড দেয়ার সিদ্ধান্ত নেয়।
বহিস্কৃতদের মধ্যে ৫ জনকে আজীবন, ৭ জনকে ২ বছর, ৩ জনকে ১ বছর, ২ জনকে ৬ মাস, ৫ জনকে ৩ মাস মেয়াদে বহিস্কার করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের (৩৭তম ব্যাচ) প্রাক্তন শিক্ষার্থী রাসেল মাহমুদের স্নাতক ও স্নাতকোত্তর সনদ স্থগিত, সাময়িক সনদপত্র প্রত্যাহারের ব্যবস্থা এবং ক্যাম্পাসে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আজীবন বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের কে এম নুরুন নবী (৪০তম ব্যাচ), সহ-সম্পাদক রসায়ন বিভাগের ইসতিয়াক আহমেদ বিজয় (৩৯তম ব্যাচ), মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের অনিন্দ বাড়ৈ (৩৮তম ব্যাচ), ছাত্রলীগ কর্মী ইতিহাস বিভাগের এখতে খায়রুজ্জামান সঞ্চয় (৪১তম ব্যাচ) ও পদার্থ বিজ্ঞান বিভাগের কিশোর দাশ (৪১তম ব্যাচ)।
দুবছরের জন্য বহিষ্কৃত হয়েছেন ছাত্রলীগকর্মী নৃবিজ্ঞানের এম মইনুল হোসাইন রাজন (৪১তম ব্যাচ), মার্কেটিংয়ের খোন্দকার নাঈম উল ইসলাম (৪১তম ব্যাচ), মু. আদেল আল নোমান (৪২তম ব্যাচ), মো. তানভীর আহমেদ সজিব (৪২তম ব্যাচ), পরিবেশ বিজ্ঞানের রাজ প্রসাদ (৪২তম ব্যাচ), উদ্ভিদ বিজ্ঞানের সাদ্দাম হোসেন (৪১তম ব্যাচ) এবং পদার্থ বিজ্ঞানের কাজী আব্দুল্লাহ তোহা (৩৯তম ব্যাচ)।
এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগকর্মী পদার্থ বিজ্ঞানের শিহাব খন্দকার সুজন (৪১তম ব্যাচ), মার্কেটিংয়ের কাজী রায়হান হাবীব হিমেল (৪২তম ব্যাচ) এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের মো. নিশাত রহমান রমিম (৪২তম ব্যাচ)।
ছয় মাস বহিষ্কৃত দুই ছাত্রলীগ কর্মী হলেন পরিবেশ বিজ্ঞানের শান্ত কুমার নাথ (৪১তম ব্যাচ) ও উদ্ভিদ বিজ্ঞানের শাকিল উজ্জামান (৪২তম ব্যাচ)।
তিন মাসের জন্য বহিষ্কার হয়েছেন ছাত্রলীগ কর্মী দর্শনের দোলোয়ার জাহান ঝন্টু (৪৩তম ব্যাচ), মার্কেটিংয়ের অভিজিৎ কুমার সিংহ (৪২তম ব্যাচ), অথনীতির মো. এহসানুর রহমান আবির (৪২তম ব্যাচ), পাভেল রহমান (৪২তম ব্যাচ) এবং উদ্ভিদ বিজ্ঞানের মো. আবদুল মোমিন চঞ্চল (৪২তম ব্যাচ)।
শাস্তি পুনর্বিবেচনার দাবি
এদিকে রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে শাস্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি।
মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শাস্তি দেওয়ার বিপক্ষে নই। কিন্তু রাজনৈতিক কারণে এ শাস্তি দেওয়া হয়েছে। যারা শাস্তি পেয়েছে তাদের ওপর অতীতে হামলা হলে হল প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের নিস্ক্রিয়তার কারণেই এ মারামারির ঘটনা ঘটে। এখন প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
“আমরা এই শাস্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছি। একই সঙ্গে পূর্বের যেসব ঘটনার বিচার এখনো হয়নি সেগুলোর দ্রুত বিচার দাবি করেছি।”
এ ব্যাপারে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, “প্রশাসন তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিয়েছে। যারা হামলা করেছে তাদের বিচার হয়েছে। আমিও চাই অন্যান্য ঘটনাগুলোরও বিচার হোক।
“সাজাপ্রাপ্তদের ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী সাংগঠনিক ব্যাবস্থা নেব। আমরা চাই না কোনো ‘দুষ্কৃতিকারী’ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকুক।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম বলেন, “ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিচার করা হয়েছে। এই ঘটনা শুধু অনাকাঙ্খিতই নয়, নৃশংসও ছিল। আমরা স্বচ্ছ অবস্থানে আছি। কারো দ্বারা প্রভাবিত হয়ে এ বিচার করা হয়নি। অন্যান্য ঘটনাগুলোর তদন্ত শেষ হয়েছে। সেগুলোরও বিচার হবে।”
বিচার হয়না, শাস্তি হয় না ভেবে যারা ভুল করতে চায়, তারা যেন এখন থেকে সতর্ক হয়, বলেন উপাচারর্য।
