২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ভর্তিতে ‘প্রক্সি’ দিতে গিয়ে ঢাবি ছাত্র আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদের (ইইউনিট) ভর্তিতে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ধরা পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 11:20 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্র থেকে আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসপার সাজিদকে।

একই ঘটনায় সহায়তাকারী হিসেবে আটক করা হয়েছে আরে চারজনকে। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান, আইন বিভাগের মাস্টার্সের ছাত্র ইকবাল হোসেন ও রোকন এবং ভর্তিচ্ছু অনিক ভূঁইয়ার বড় ভাই ‘রয়েল ইউনিভার্সিটির’ বিবিএ শিক্ষার্থী কামাল হোসেন।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা সাংবাদিকদের বলেন, প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসে আটক হন সাজিদ। তখন তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে সাকিবকে এবং সাকিবের মোবাইলে ফোনের এসএমএস ও কললিস্ট দেখে ইকবাল ও কামালকে আটক করা হয়।

আটক সাজিদ সাংবাদিকদের বলেন, “আমি সাকিবের কথামতো এখানে পরীক্ষা দিতে আসি।”

সাকিব সাংবাদিকদের বলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর শিক্ষার্থী ও শহীদ সালাম বরকত হল ছাত্রলীগের যুগ্মসম্পাদক রাজুর সহযোগিতা পাওয়ার আশ্বাস পেয়ে এই পথ অবলম্বন করেন তিনি।

তবে তা অস্বীকার করে রফিকুল ইসলাম রাজু বলেন, “কলেজে পড়াকালীন সাকিব আমার বন্ধু ছিল মাত্র। সে আমার রুমে এসে রাতে ছিল। আমি এ ব্যাপারে আর কিছু জানি না। সে আমার নাম ব্যবহার করে অপকর্ম করেছে।”

পরে প্রক্টর রাজুকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের পর রাজুকে ছেড়ে দেন। আটক পাঁচ জনকে তুলে দেওয়া হয় আশুলিয়া থানা পুলিশের হাতে।

প্রক্টর বলেন, “প্রয়োজন হলে রাজুকে আমরা যে কোনো সময় পাব। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

এদিকে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় রিয়াজ মোর্শেদ অন্তু, সুমন আহমেদ ও রিফাত আরা নামের আরও তিন ভর্তিচ্ছুকে আটক করা হয়। পরে তাদের ভর্তি পরীক্ষার উত্তরপত্র বাতিল করে ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।