চবির ২২ শিক্ষার্থীকে শাস্তি
বিভিন্ন ঘটনায় ২২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্ট হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দ্দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ১১টি ঘটনায় ২২ ছাত্রকে এক বছর, দুই মাস, তিনমাস ও ছয়মাস মেয়াদে সাময়িক বহিষ্কার করা হয়েছে।”
প্রক্টর বিশ্ববিদ্যালয়ের ওই ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব।
তিনি জানান, পরীক্ষা কেন্দ্রে তালা দেয়া, সহপাঠীকে মারধর, সহপাঠিনীর সঙ্গে অশোভন আচরণ, চবি প্রতিনিধিদের লাঞ্চিত করা, পুলিশ পেটানো এবং নিজ বিভাগের শিক্ষিকাকে হুমকি দেয়ার মত ঘটনায় এসব শাস্তি দেয়া হয়।
শাস্তিপ্রাপ্তরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের সেলিম রেজা মৃধা, তাজুল ইসলাম, কাউসার আলম ও সমীর সেন, ইসলামিক স্টাডিজের ফখরুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান বিভাগের পার্থ প্রতিম দাশ, ওয়াহিদুর রহমান ইমন ও আহসান হাবীব সোপান, ইন্সটিটিউট অফ এডুকেশন, রিসার্চ অ্যাণ্ড ট্রেনিং (আইইআরটি) –এর নাসির উদ্দিন ও নিয়াজ উদ্দিন, ব্যবস্থাপনার আনিসুর রহমান, ইতিহাস বিভাগের তৌহিদুল ইসলাম জিমেল ও আশরাফুল আলম বাবলূ, প্রাণিবিদ্যার আবদুল জব্বার, চারুকলার আনোয়ার হোসেন, লোক প্রশাসনের আবদুল্লাহ আল মারুফ ও সাইদুল ইসলাম সাইফ, অ্যাকাউন্টিংয়ের রাজু মুন্সী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফরহাদ হাসান ভুইয়া, ফিন্যান্স অ্যাণ্ড ব্যাংকিং বিভাগের নাঈম উদ্দিন, উদ্ভিদ বিজ্ঞানের সাকিব, ব্যবস্থাপনা বিভাগের আবু আহাদ অমি।
নাম প্রকাশে অনিচ্ছুক চবি’র এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাস্তি প্রাপ্তদের মধ্যে কয়েকজন চবি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। তবে শাস্তি পাওয়াদের মধ্যে সাধারণ শিক্ষার্থীরাও আছেন।”
শাস্তি পাওয়াদের মধ্যে নৃ-বিজ্ঞান বিভাগের পরীক্ষা কেন্দ্রে তালা ঝুলানোয় সেলিম রেজা মৃধা, তাজুল ইসলাম, কাউছার আলম ও সুমিত সেনকে তিন মাসের জন্য বহিস্কার করা হয়।
শিক্ষকের কাছ থেকে হাজিরা খাতা কেড়ে নিয়ে হাজিরা দেয়ার অপরাধে ইসলামিক স্টাডিজের ফখরুল ইসলামকে ছয় মাসের জন্য বহিস্কার করা হয়েছে।
এছাড়া দৈনিক ইনকিলাবের চবি প্রতিনিধি শাকিরুল হককে লাঞ্চিত করায় কম্পিউটার বিজ্ঞান বিভাগের পার্থ প্রতিম দাশকে দুই মাসের জন্য বহিস্কার করা হয়।
একই ঘটনায় দৈনিক ভোরের কাগজের চবি প্রতিনিধি শরিফুর হাসানকে লাঞ্ছিতের করায় ইতিহাস বিভাগের তৌহিদুল ইসলাম জিমেলকে তিন মাসের জন্য বহিস্কারের শাস্তি দেয়া হয়েছে।
চার পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্চিত করায় ইতিহাস বিভাগের আহসান হাবিব সোপান ও আইইআরটি’র নাছির উদ্দিনকে ছয় মাস করে এবং নিয়াজ উদ্দিনকে ও ব্যবস্থাপনার আনিসুর রহমানকে তিন মাসের জন্য শাস্তি দেয়া হয়।
ইংরেজি বিভাগের এক ছাত্রকে মারধর করায় ইসলামের ইতিহাস বিভাগের আশরাফুল আলম বাবলুকে তিন মাসের জন্য শাস্তি দেয়া হয়েছে।
প্রাণিবিদ্যা বিভাগের প্রশাসনিক কাজে বাধা দেয়ায় বিভাগের অভিযোগের ভিত্তিতে আবদুল জব্বার ও ওয়াহিদুর রহমান ইমনকে ছয় মাসের জন্য বহিস্কার করা হয়।
অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীর ওপর হামলায় চারুকলা বিভাগের আনোয়ার হোসেনকে দুই মাসের জন্য শাস্তি দেয়া হয়।
এক শিক্ষিকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য ও হুমকি দেয়ায় লোকপ্রশাসনের ছাত্র আবদুল্লাহ আল মারুফকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে।
চবি ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও একাকার –এর মধ্যে সংঘর্ষের ঘটনায় হিসাব বিজ্ঞানের রাজু মুন্সী ও লোক প্রশাসনের সাইদুল ইসলামকে ছয় মাস করে বহিস্কার করা হয়েছে।
এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফরহাদ হোসেন ভুইয়াকে তিন মাসের জন্য শাস্তি দেয়া হয়।
এছাড়া ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় ইতিহাসের তৌহিদুল ইসলাম জিমেল, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং-এর নাঈম উদ্দিন, উদ্ভিদ বিজ্ঞানের সাকিব ও ব্যবস্থাপনার আবু আহাদ অমিকে তিন মাসের জন্য বহিস্কার করা হয়।
