জাবিতে পোষ্য কোটার সংস্কারের দাবি
অন্যান্য কোটার সঙ্গে সামঞ্জস্য রেখে পোষ্য কোটায় আসন নির্দিষ্ট করার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা পোষ্য কোটায় ভর্তিতে আসন নির্দিষ্ট করা ও ভর্তিতে বৈষম্য কমানোর দাবি জানিয়ে বক্তব্য দেন।
ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাওন বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সাত ধরনের কোটার মধ্যে ছয় ধরনের কোটার আসন নির্দিষ্ট থাকলেও পোষ্যকোটার আসন নির্দিষ্ট নয়। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর না পেলেও পোষ্যদের সবাইকে ভর্তি করানো হয়। এ সংস্কৃতি আমাদের বিস্মিত করেছে।”
জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি তন্ময় ধর বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান পোষ্য কোটা পদ্ধতির সংস্কার চাই। পোষ্যদের অন্যান্য কোটার সাথে সামঞ্জস্য রেখে ভর্তি করতে হবে।”
জাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন বলেন, “আমরা কোটা ব্যবস্থায় নির্দিষ্ট নিয়ম চাই। কোটা ব্যবস্থার অনিয়ম বন্ধ করে মেধাবীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিতে হবে।”
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জহির রায়হান চলচ্চিত্র সংসদ ও জাবি ফটোগ্রাফিক সোসাইটি সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের হাতে সাধারণ শিক্ষার্থীদের গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দেন সাধারণ শিক্ষার্থীরা।
এসময় উপাচার্য তাদেরকে আশ্বস্ত করে বলেন, "আমরা পর্যায়ক্রমে কোটা পদ্ধতির সংস্কার করবো। এবছর আমরা গ্রেস নম্বর (অতিরিক্ত নম্বর) দিয়ে কোনো শিক্ষার্থীকে ভর্তি করবো না।"
