ঢাবি সিন্ডিকেটে সরকারসমর্থকদের জয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের নির্বাচনে শিক্ষক প্রতিনিধিদের ছয় পদের চারটিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ ও বামপন্থি শিক্ষকদের নীল দল।
এছাড়া অ্যাকাডেমিক পর্ষদ ও ফাইন্যান্স কমিটির সাতটি পদের সবগুলোই জিতে নিয়েছেন নীল দলের প্রার্থীরা।
বৃহস্পতিবার ৯০ শতাংশ ভোটারের অংশগ্রহণে এই নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা দল পেয়েছে সিন্ডিকেটের মাত্র দুটি পদ। আগের সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধিদের ছয়টি পদের মধ্যে পাঁচটিই ছিল এই প্যানেলের শিক্ষকদের দখলে।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণের পর নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ বিকালে এই ফল ঘোষণা করেন।
তিনি জানান, মোট ১ হাজার ৪১৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৮৯ জন এদিন ভোট দিয়েছেন।
নির্বাচনে ভরাডুবির পর সরকারসমর্থকদের বিরুদ্ধে দলীয় শিক্ষক নিয়োগ দিয়ে ভোটাভুটিকে প্রভাবিত করার অভিযোগ এনেছে সাদা দল।
অন্যদিকে নীল দল বলছে, গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হওয়ায় তাদের প্রতি শিক্ষকদের আস্থার প্রকাশ ঘটেছে নির্বাচনে।
সিন্ডিকেটে জয়ী যারা
ডিন ক্যাটাগরিতে নীল দলের শিক্ষক আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন এ এস এম মাকসুদ কামাল ৮১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের শিক্ষক ফার্মেসী অনুষদের ডিন মো. সাইফুল ইসলাম পেয়েছেন ৪৩৬ ভোট।
অধ্যাপক ক্যাটাগরিতে ৮০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন নীল দলের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অর্থনীতির অধ্যাপক ফরিদউদ্দিন আহমদ। তার সঙ্গে লড়াইয়ে হেরেছেন সাদা দলের শিক্ষক প্রাণরসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের লায়লা নূর ইসলাম; তিনি পেয়েছেন ৪৫০ ভোট।
সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেটে যাচ্ছেন নীল দলের চন্দ্রনাথ পোদ্দার; গণিতের এই শিক্ষক পেয়েছেন ৬৫১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের শিক্ষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোহাম্মাদ ছিদ্দিকুর রহমান পেয়েছেন ৫৮৭ ভোট।
সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে বিজয়ী নীল দলের শিক্ষক ইংরেজির নীলিমা আক্তার ৭৩৪ ভোট পেয়েছেন। সাদা দলের পরাজিত প্রার্থী রসায়ন বিভাগের মো. আরিফুর রহমান পেয়েছেন ৫০৭ ভোট।
প্রভাষক ক্যাটাগরিতে সাদা দলের প্রার্থী মার্কেটিং বিভাগের আফরীন চৌধুরী (৬২১ ভোট) হাড্ডাহাড্ডি লড়োইয়ে পরাজিত করেছেন নীল দলের শিক্ষক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের রাদ মুজিব লালনকে (৬১৪ ভোট)।
আর প্রভোস্ট ক্যাটাগরিতে সাদা দলের প্রার্থী স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের মো. লুৎফর রহমান (৬৬১ ভোট) নীল দলের শিক্ষক রোকেয়া হলের নাজমা শাহীনকে (৫৮৮ ভোট) পরাজিত করেছেন।
অ্যাকাডেমিক পর্ষদ
অ্যাকাডেমিক পর্ষদের ছয়টি পদের সবগুলোতেই সরকারসমর্থকরা জয়ী হয়েছেন।
সহযোগী অধ্যাপক প্রতিনিধিদের তিনটি পদের মধ্যে নীল দলের শিক্ষক ফলিত পদার্থ বিজ্ঞানের জেড এম পারভেজ সাজ্জাদ (৬৭৭ ভোট), প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোহম্মদ আবদুল্লাহেল আমীন (৬৪০ ভোট) এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাহাবুব আহসান খান (৬২০ ভোট) জয় পেয়েছেন।
তারা পরাজিত করেছেন সাদা দলের প্রার্থী মৎস্য বিজ্ঞান বিভাগের মোহাম্মাদ মামুন চৌধুরী (৪৬৪ ভোট), দর্শন বিভাগের মোহাম্মাদ দাউদ খান (৪৬৩ ভোট) এবং পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের শিক্ষক মো. আব্দুস সালাম আকন্দকে (৪৫১ ভোট)।
সহকারী অধ্যাপক প্রতিনিধিদের তিনটি পদে নির্বাচিত হয়েছেন নীল দলের প্রার্থী ওষুধ প্রযুক্তি বিভাগের আবুল কালাম লুৎফুল কবির (৬৮৪ ভোট), ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সুবোধ দেবনাথ (৬০৮ ভোট) এবং সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তৌহিদুল হক (৫৯৮ ভোট)।
তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা দলের শিক্ষক ভাষাবিজ্ঞান বিভাগের মোহাম্মাদ আসাদুজ্জামান (৪৮০ ভোট), শিল্পকলার ইতিহাস বিভাগের সাবরিনা শাহনাজ (৪৬৮ ভোট) এবং মার্কেটিং বিভাগের মোহাম্মাদ আনোয়ার হোসেন (৪৫৬ ভোট)।
ফাইন্যান্স কমিটি
নির্বাচনে ফাইন্যান্স কমিটির একমাত্র পদে বিজয়ী নীল দলের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাসুদুর রহমান ৭৬৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাদা দলের শিক্ষক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম পেয়েছেন ৪৫৭ ভোট।
অভিযোগ বনাম আস্থার স্বীকৃতি
নির্বাচনের ফল প্রকাশের পর সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমীন বলেন, “দলীয় শিক্ষক নিয়োগ, নির্বাচনে শিক্ষকদের প্রভাবিত করা এবং সময় কম পাওয়ার পরও আমরা দুটি পদ পেয়েছি - এটাই বড় ব্যাপার।”
সাদা দলের শিক্ষকদের অর্ন্তকোন্দলে নির্বাচনে এই বিপর্যয় ঘটেছে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক এই সভাপতি বলেন, তিনি নিজে এবার নির্বাচনে অংশ নেননি। অন্তর্কোন্দলের কোনো তথ্যও তার জানা নেই।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “সুষ্ঠুভাবে ভোট হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষকেরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বেছে নিয়েছেন। বিগত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড আমাদের বিজয়ে প্রভাবক হিসাবে কাজ করেছে।”
সদরুল আমীনের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নীল দলের এই নেতা বলেন, “দলীয়ভাবে শিক্ষক নিয়োগ হলে তো সাদা দল একটি পদও পেত না।”
যেভাবে হয় সিন্ডিকেট
ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৮টি পদের মধ্যে উপাচার্য, দুই উপ উপাচার্য এবং অ্যাকাডেমিক পরিষদের মাধ্যমে নির্বাচিত দুটি কলেজের দুই অধ্যক্ষ পদাধিকার বলে এই পদে আসেন। সচিব পদমর্যাদার একজন সরকারি কর্মকর্তাও সিন্ডিকেটে আসেন একইভাবে।
সিনেট তাদের একজন প্রতিনিধি এবং সিনেটের বাইরে থেকে একজন বিশিষ্ট নাগরিককে সিন্ডিকেটে পাঠায়। নিবন্ধিত গ্র্যাজুয়েটদের মধ্যে থেকে আসেন একজন।
চ্যান্সেলর নিজে তিনজনকে এই দায়িত্বে মনোনয়ন দেন। আর বাকি ছয়জন সিন্ডিকেট সদস্য আসেন শিক্ষক প্রতিনিধিদের এই নির্বাচনের মাধ্যমে।
