২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি: খুন হলেও শাস্তি নেই

গত সাড়ে পাঁচ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ তদন্তে মিললেও এসব ঘটনায় শাস্তি পেতে হয়নি কাউকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 01:58 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

একই আইনে পরিচালিত ঢাকা, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শাস্তি দেয়ার নজির থাকলেও রাবি কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের ওপর দিয়েই খালাস পেতে চাইছেন।

ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছেন, অপরাধ করেও পার পেয়ে যাওয়ায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

প্রতিটি ঘটনার পর তদন্ত কমিটি গঠিত হয়, প্রতিবেদন আসে, হয় শাস্তির সুপারিশও। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের ৪০ ধারার (চ) উপধারায় স্পষ্ট বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গ করলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শাস্তিস্বরূপ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও চিরস্থায়ী বহিষ্কার করা যেতে পারে।

কিন্তু বিভিন্ন তদন্ত কমিটির সুপারিশে এই ধারাটির কোনো কার্যকারিতা দেখা যায় না। এনিয়ে তদন্ত সংশ্লিষ্ট শিক্ষকরাও হতাশা প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রক্টর তারিকুল হাসান মিলন বলেন, প্রশাসন ব্যবস্থা নিতে চাইলেও ‘অসুবিধা’ থাকায় নিতে পারে না।

একই বিষয় আসে উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিনের কথায়ও, যিনি পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিরও প্রধান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় অধ্যাপক মিজান অনেকটাই দায়িত্ব এড়িয়ে বলেন, “যেহেতু অপরাধগুলো ফৌজদারি পর্যায়ের সেহেতু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই দেশের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা করে থাকে।

“আর আমরা যদি শাস্তি দিয়ে থাকি, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী কিভাবে শাস্তি দেবে,” এই প্রশ্ন করেন তিনি; যা তার সমগোত্রীয় অন্য বিশ্ববিদ্যালয়গুলোর চিত্রের সঙ্গে মেলে না।

Image
এভাবে অস্ত্র হাতে শিক্ষার্থীর ছবিও এসেছে গণমাধ্যমে

এভাবে অস্ত্র হাতে শিক্ষার্থীর ছবিও এসেছে গণমাধ্যমে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা যায়, গত সাড়ে পাঁচ বছরে পাঁচ শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, রগ কাটা হয়েছে ১০ জনের।

এছাড়া সংঘর্ষের ২৭টি ঘটনায় শতাধিক শিক্ষার্থী মারপিটের শিকার হয়েছেন, কয়েকবার মার খেয়েছেন শিক্ষক ও সাংবাদিকরাও। নয়জন ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি শতাধিক ছিনতাইয়ের ঘটনাও ক্যাম্পাসে ঘটেছে।

এসব ঘটনায় জড়িত অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বলে তদন্তে উঠে এসেছে। তবে কাউকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শাস্তি দেয়ার নজির দেখা যায়নি।

২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগকর্মী ফারুক হোসেন এবং ওই বছরের ১৫ অগাস্ট ছাত্রলীগকর্মী নাসিম হত্যার পর তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক গোলাম কবীর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তদন্ত করে বেশ কিছু শিক্ষার্থীকে একাডেমিকভাবে শাস্তি প্রদানের সুপারিশ করেছিলাম, কিন্তু কোনো শাস্তি দেয়ার ঘটনা ঘটেনি।”

এসব ঘটনার অনেকটিতে অপরাধীদের ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, কিছু ঘটনা নিয়ে দেশব্যাপী শোরগোলও উঠেছিল, কিন্তু অপরাধীরা পার পেয়ে গেছে।

২০১১ সালে শহীদ শামসুজ্জোহা হলে সেই সময়ের প্রাধ্যক্ষ অধ্যাপক মত্তুর্জা খালেদ ও সাবেক প্রক্টর জাকারিয়া চৌধুরী মারধরের শিকার হন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তারা।

২০১৩ সালে টুকিটাকি চত্বরে অর্থনীতি বিভাগের এক প্রভাষক যৌন হয়রানির শিকার হন। একই বছর ব্যবস্থাপনা বিভাগের আর এক শিক্ষার্থী অন্য এক শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে প্রশাসনকে জানালেও কোনো ঘটনায়ই শাস্তি পেতে হয়নি কাউকে।

সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে আইন বিভাগের ইফতি শাহরিয়ার নামে এক শিক্ষার্থী তার বান্ধবীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে মারধরের শিকার হন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ইফতির বাবা আব্দুস সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না থাকায় অপরাধীরা আরো উৎসাহে অপরাধ করার সাহস পাচ্ছে।”

আইন অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক আইন ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়তে শুরু করেছে।

Image
রাবিতে সংঘর্ষের একটি ছবি

রাবিতে সংঘর্ষের একটি ছবি

“অপরাধমূলক ঘটনা সংঘটিত হওয়ার পর একাডেমিক শাস্তির বিধান থাকলে কেউই অপরাধ করতে সাহস পেত না।”

সমাজবিজ্ঞানের অধ্যাপক ছাদেকুল আরেফীন মাতিনও একই মত প্রকাশ করে বলেন, “একাডেমিক কমিটিগুলো তৎপর থাকলে আমার মনে হয় ছাত্রত্ব খোয়ানোর ভয়ে কেউ অপরাধ করতে সাহস পাবে না।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর নেতারাও অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শাস্তি না দেখে ক্ষুব্ধ।

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আয়াতুল্লাহ খোমেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“প্রশাসনের নাকের ডগায় যখন অপরাধীরা অপরাধ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তখন নির্যাতিতরা শঙ্কিত ও হতাশ হয়।

“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগ নিয়ে কতিপয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি তৈরি করছে। আমরা এ থেকে পরিত্রাণ পেতে চাই। একাডেমিক শাস্তি ব্যবস্থা চালু হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে অপরাধ কম সংঘটিত হবে।”

ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাডেমিক শাস্তির ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ে অপরাধ বাড়ছে।”

পুলিশের ওপর প্রশাসনের নির্ভরতার সমালোচনাও করেন সরকার সমর্থক সংগঠনটির এই নেতা।

“কথায় কথায় পুলিশ নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীদের, হয়রানিও করছে। আসলে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের জায়গা থেকে ক্রমেই সরে আসছে।”

প্রশাসন যা বলে

প্রক্টর তারিকুল হাসান মিলন বলেন, “আসলে  বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিকভাবে শক্ত অবস্থান নিতে চায় কিন্তু কিছু অসুবিধা থাকায় তা এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।”

এক্ষেত্রে অপরাধী শিক্ষার্থীর বিষয়েও সদয় অবস্থান তার।

“একজন শিক্ষার্থীর কাজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সনদ নিয়ে যাওয়া, সেই বিষয়টিও কর্তৃপক্ষের মাথায় থাকে।”

তবে গুরুতর অভিযোগ থাকলে অবশ্যই একাডেমিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন প্রক্টর; যদিও তার নজির এখন পর্যন্ত স্থাপন করতে পারেননি তারা।

উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বলেন, “সাম্প্রতিক সময়ের অপরাধগুলো সত্যিই উদ্বেগজনক। ২০০৯ সালের ১২ মে থেকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আইন-শৃঙ্খলা দেখভালের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।

“যেহেতু অপরাধগুলো ফৌজদারি পর্যায়ের, সেহেতু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই দেশের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা নিয়ে থাকে।”

প্রচলিত আইনে শাস্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাডেমিকভাবে ব্যবস্থা নেয়ার ক্ষমতার বিষয়টির দিকটি তুলে ধরা হলে উপাচার্য বলেন, “দেখুন আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে।

“দেশে যখন সামরিক আইন জারি হয় তখন অন্যান্য আইন যেমন কার্যত অকেজো হয়ে পড়ে, ঠিক তেমনি সিন্ডিকেটের সিদ্ধান্তে রাবিতেও জরুরি অবস্থা জারি আছে। তাই আমরা কোনো শাস্তি দিতে পারছি না। আর আমরা যদি শাস্তি দিয়ে থাকি, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী কিভাবে শাস্তি দেবে?”

উপাচার্যের এই কথার সঙ্গে অবশ্য ভিন্নমত জানিয়েছেন শৃঙ্খলা কমিটির সদস্য ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতা। ইসলামী ছাত্রশিবির, ছাত্রলীগ কিংবা ছাত্রদল যেই অপরাধ করুক না কেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শাস্তি দিতে এগিয়ে যায় না। ফলে দিনের পর দিন সহিংসতা বেড়েই চলছে।”

পুরনো খবর:

রাবি: অস্ত্র হাতে ছবি আসছে, ধরা পড়ছে না কেউ
রাবি: তদন্ত কমিটি হয়, শাস্তি হয় না